শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৭:০৩ পিএম, ২০২৬-০৬-২৭
চৌধুরী নেওয়াজ শাহদুল্লাহ :
একটি মধ্যবিত্ত বাঙালি পরিবারে সন্তানের জন্ম মানেই যেন এক দীর্ঘমেয়াদি শিক্ষাযজ্ঞের সূচনা। শৈশবের বর্ণপরিচয়ের মাধ্যমে আরম্ভ হওয়া এই যাত্রা যখন উচ্চতর ডিগ্রির চৌকাঠে এসে পৌঁছায়, ততদিনে ক্যালেন্ডারের পাতা থেকে খসে গেছে জীবনের ২৫-২৬ টি সোনালী বসন্ত। বাংলাদেশের প্রেক্ষাপটে উচ্চশিক্ষা যেন কেবলই এক দীর্ঘ প্রতীক্ষা আর যৌবনকে বাজি রেখে এক অনিশ্চিত ভবিষ্যতের পেছনে ছুটে চলা।
পিইসি, জেএসসি (যদিও এখন অতীত), এসএসসি এবং এইচএসসির গণ্ডি পার হতেই জীবনের প্রথম ১৮টি বছর কেটে যায় জ্যামিতি বক্স আর মুখস্থ বিদ্যার খাতায়।
আসল যুদ্ধটা শুরু হয় এরপর। উচ্চশিক্ষার বিদ্যাপীঠগুলোতে পা রাখতেই মুখোমুখি হতে হয় এক নির্মম বাস্তবতার। সেশনজট, ক্যাম্পাস রাজনীতি, আর প্রশাসনিক ধীরগতির বেড়াজালে ৪ বছরের স্নাতক শেষ হতে লেগে যায় ৬ থেকে ৮ বছর।
ডিগ্রি শেষ করেই কি মুক্তি? আলবাত নয়। এরপর শুরু হয় বিসিএস কিংবা ব্যাংক জবের জন্য লাইব্রেরির টেবিলে মাথা কুটে মরার আরেক অধ্যায়।
যে বয়সে পৃথিবীর অন্য প্রান্তে যুবকেরা নতুন কোনো আবিষ্কারে মেতে উঠছে বা উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছে, এরই মাঝে ভ্রমণ করেছে হাফ ডজন দেশ, সেই ২৬ বা ২৮ বছর বয়সে আমাদের দেশের এক একজন তরুণ নীলক্ষেতের গাইড বইয়ের পাতায় নিজের যৌবনের শ্রেষ্ঠ সময়টা বন্ধক রাখছে।
কিংবা এ প্রশ্নটাও উত্তােলন করা যায়, আমরা আমাদের যৌবনের শেষ্ঠ সময়টা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে মাথা গুজে পড়ে থাকলেও কতটুকু এগুতে পারছি। দেশের জন্য কতটুকু সুফল বয়ে আনছে আমার এই যৌবনের বিসর্জন। দেশের কথা তোলা থাক, নিজের অন্নের খরচ জোগাড়েই হিমশিম খেতে হচ্ছে নিত্যনৈমিত্তিক।
বুকভরা স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে পদার্পণ, সেশনজটে ক্লান্তি আর অনিশ্চিত ভবিষ্যত নিয়ে স্নাতকের সমাপ্তি। অতঃপর শুরু হয় পারিবারিক চাপ ও সামাজিক হতাশা নিয়ে চাকুরী জীবনে পদার্পণ।
এই দীর্ঘ সময়ে পড়ালেখার চাপে পিষ্ট হয়ে হারিয়ে যায় জীবনের অনেক কিছু। বন্ধুদের সাথে অন্তহীন আড্ডা, এক কাপ চায়ে বিশ্বরাজনীতি কাঁপিয়ে দেওয়ার সেই উদ্যম, কিংবা কোনো এক বিকেলে উদ্দেশ্যহীন হেঁটে বেড়ানোর আনন্দ সবকিছুই ঢাকা পড়ে যায় মোটা মোটা নোটবই আর রেফারেন্স বইয়ের নিচে।
রবীন্দ্রনাথের সোনার তরী কবিতা কতবার 'তরী' শব্দের উল্লেখ আছে এটা স্বয়ং রবীন্দ্রনাথও জানতেন না... কিন্তু সেটা মুখস্থ করেই আমাদের বি সি এস পাশ করতে হয়... তরীর সংখ্যা জেনে একজন ব্যক্তির কোন আধ্যাত্মিক ও শারীরিক বিকাশ টা হয়...!!
প্রশ্ন জাগে, শিক্ষা কি তবে জীবনকে বিকশিত করার মাধ্যম, নাকি জীবনকে থমকে দেওয়ার এক সুন্দর চক্রকার ফাঁদ? উন্নত বিশ্বের দিকে তাকালে দেখা যায়, সেখানে তাত্ত্বিক শিক্ষার চেয়ে ব্যবহারিক শিক্ষাকে প্রাধান্য দিয়ে তরুণদের দ্রুত কর্মক্ষম করে তোলা হয়। আর আমাদের দেশে? আমরা এখনো তাত্ত্বিক শিক্ষার মোহ কাটাতে পারিনি।
সিলেবাসের আধুনিকায়ন না হওয়া এবং কর্মসংস্থানের সাথে শিক্ষার সামঞ্জস্য না থাকায় শিক্ষিত যুবসমাজ এক চক্রব্যূহে আটকে গেছে।
বিশ্ববিদ্যালয়ের আরেকটা গুরুত্বপূর্ণ সমাচার, শিক্ষক সমাচার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের নিজের জীবন গুছিয়ে স্ত্রী সন্তান সহ তীব্র সুখে দিন কাটাতেই পারেন, তাতে কোনো দোষ বিদ্যমান নেই। কিন্তু অল্প অভিযোগ এবং তীব্র জানার আকাঙ্ক্ষার বিষয়- তারা তাদের অনুজদের জীবন গড়ার ব্যাপারে কতটুকু ভুমিকা রাখতে সক্ষম...? আদৌ তারা তাদের শেখা পুথিগত নৈতিকতা তাদের শিক্ষার্থীদের সাথে কতটুকু দেখাতে আগ্রহী...? অথবা নৈতিকতা শুধু পুথিতেই সীমাবদ্ধ কিনা জানার তীব্র আকাঙ্খা মনে পীড়া দেয়।
এক বিশ্ববিদ্যালয় পাঠ চুকানো বড় ভাইয়ের বক্তব্য মতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নীতি নৈতিকতা শুধু তাদের লেকচারে সীমাবদ্ধ, এ কথার সাথে আমার কিঞ্চিৎ দ্বিমত আছে। একথাটা সত্য বটে তবে সকলের ক্ষেত্রে নয়, মহান শিক্ষক অবশ্যই আছেন তাদের কারনেই হয়তো এখনাে এগুলোকে বিশ্ববিদ্যালয় ট্যাগ দেয়া হয়। তবে 'বিদ্যালয়' শব্দটা সঠিক হলেও "বিশ্ববিদ্যালয়" কিনা তা নিয়ে সন্দেহ অবশ্যই বিদ্যমান।
পড়ালেখা অবশ্যই জীবনের আলো, কিন্তু সেই আলো যদি জীবনের সুন্দরতম সময়টাকেই পুড়িয়ে ছাই করে দেয়, তবে সেই আলোর প্রজ্বলন ক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। বাংলাদেশের উচ্চশিক্ষার এই দীর্ঘ পথ পরিক্রমাকে আরও সংক্ষিপ্ত, কর্মমুখী এবং গতিশীল করা এখন সময়ের দাবি।
তরুণদের জীবনের এই বসন্তকালটুকু কেবল লাইব্রেরির চার দেয়ালে বন্দী না থেকে ছড়িয়ে পড়ুক সৃষ্টিশীলতায়, উদ্যোক্তা হওয়ার সাহসে আর মুক্ত বাতাসে।
শিক্ষা হোক জীবনের জন্য, জীবন যেন শিক্ষার নির্মম যাতাকলে পিষ্ট হওয়ার কোনো দীর্ঘশ্বাস না হয়।
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, ‘শিক্ষা প্রতি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited