শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১১:২৬ পিএম, ২০২৬-০৭-২৩
আব্দুল হালিম সরদার:
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে প্রচারিত নানা বক্তব্যের সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান (এমপি)।
তিনি বলেন, দেশ ছেড়ে পালানোর পর শেখ হাসিনা ‘এই আসলাম, এই আসলাম’ বলে দেশে ফেরার কথা বলে আসছেন। কিন্তু এভাবে তিনি ১৩ বার ফেল করেছেন।
আজ ২৩ জুলাই, বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজধানীর মিরপুর-১০ ফলপট্টি-সংলগ্ন এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর মিরপুর জোন আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির ও ডিএনসিসিতে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমানের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক হারুন অর রশীদ খান এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা।
এ ছাড়া বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ডা. ফখরুদ্দিন মানিক ও ইয়াসিন আরাফাত, ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, মহানগরী পশ্চিম শিবিরের সভাপতি মুহিবুল্লাহ আল হোসাইনি, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শান্ত তালুকদার, শহিদ মাহফুজুর রহমানের পিতা আব্দুল মান্নান এবং শহিদের পিতা মোশাররফ হোসেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন, জিয়াউল হাসান, প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, জামাল উদ্দিন, নাসির উদ্দীন প্রমুখ।
ডা. শফিকুর রহমান আরও বলেন, আওয়ামী ফ্যাসিবাদ দেশ ও জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। ৭ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ পাঁচ বছরের জন্য ক্ষমতা নিশ্চিত করার পর অনেকের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা তাঁর রহমত থেকে হতাশ হতে নিষেধ করেছেন। এরপরই জুলাই দেশ ও জাতির মুক্তির বার্তা নিয়ে আসে।
তিনি বলেন, মূলত জুলাই এসেছিল ঘূর্ণিঝড় হয়ে। আর সেই ঝড়েই ফ্যাসিবাদকে তছনছ করে তাসের ঘরের মতো উড়িয়ে দেওয়া হয়েছিল।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, দেশ ছেড়ে পালানোর পর তিনি প্রতিনিয়ত ‘এই আসলাম, এই আসলাম’ বলে দেশে ফেরার কথা বলে আসছেন। এভাবে তিনি ১৩ বার ফেল করেছেন।
তিনি শেখ হাসিনাকে দেশে ফেরার আহ্বান জানিয়ে বলেন, আসুন। যুবসমাজ অধীর আগ্রহে অপেক্ষা করছে।
জুলাই গণহত্যার বিচারে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার ও সংসদ জুলাই বিপ্লবের ফসল। তাই সরকারকে জুলাই বিপ্লবের প্রতি কৃতজ্ঞতা জানাতে হবে।
তিনি জুলাই গণহত্যার বিচারের দাবি জানিয়ে বলেন, শুধু বিচার করলেই হবে না; বরং জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করতে হবে। আহত ও পঙ্গুত্ববরণকারী যোদ্ধাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং তাঁরা যাতে সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারেন, সে ব্যবস্থা সরকারকেই করতে হবে।
জুলাইয়ের শহিদদের জাতীয় বীরের মর্যাদা দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, তাঁদের পরিবারের সদস্যদের প্রতিও যথাযথ রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করতে হবে। কারণ, জুলাই যোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান।
তিনি জুলাইয়ের শহিদদের নামে মিরপুরসহ রাজধানীর বিভিন্ন স্থাপনা ও সড়কের নামকরণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান, যাতে তাঁদের স্বজনরা তাঁদের জন্য গর্ববোধ করতে পারেন।
আমিরে জামায়াত বলেন, সরকার এখন গণভোটের রায়কে অবৈধ বলছে। অথচ প্রধানমন্ত্রী গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ক্যাম্পেইন করেছেন। আমরাও করেছি। গণভোট অবৈধ হলে সরকার ও সংসদও অবৈধ।
তিনি বলেন, ‘গোশত হালাল হলেও ঝোল হারাম হওয়ার সুযোগ নেই। তাই গণভোট হারাম হলে সরকারও হারাম। আর সরকার হারাম হলে দেশে কোনো বৈধ সরকার নেই।’
তিনি জনগণের অভিপ্রায়ের গুরুত্ব তুলে ধরে বলেন, জনগণের মতামতই সবার ঊর্ধ্বে। আর প্রয়োজনের তাগিদের ওপর কোনো আইন নেই।
তিনি সরকারকে টালবাহানা পরিহার করে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। অন্যথায় এজন্য সরকারকে চড়া মূল্য দিতে হবে বলেও মন্তব্য করেন।
নিজস্ব প্রতিবেদক : দেশের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে ইসলামি দলগুলোর নারী বিভাগ। জোটবদ্ধভাবে মাঠের আন্দোলন ও নির্বাচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো জামায়াতে ইসলামী পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাম্প্রতিক নির্বাচনের পর ভিন্নমতাবলম্বী ও স্বতন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আল...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক এবং ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজের নির্বাচনী এলাকার (ঢাকা-১৭) সন্তান হিসেবে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন বিএনপির চেয়ারম্যান ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited