শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:১৮ পিএম, ২০২৫-১২-৩০
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করল বিভিন্ন দেশের ব্যক্তিরা।
জাতিসংঘের শোক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ (ইউএন)। একই সঙ্গে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি। জাতিসংঘের এক শোকবার্তায় বলা হয়, ‘সাবেক প্রধানমন্ত্রী, মহামান্য বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ গভীর শোক প্রকাশ করছে।’ বার্তায় আরো বলা হয়, ‘এই শোকের সময়ে জাতিসংঘ সম্মানিত সাবেক প্রধানমন্ত্রীর পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি তার সংহতি পুনর্ব্যক্ত করছে।’
শোক প্রকাশ করল যুক্তরাষ্ট্র
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোক বার্তায় ঢাকার মার্কিন দূতাবাস বলেছে, প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। ‘খালেদা জিয়া তার দেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং তার নেতৃত্ব বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদান রেখেছে।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় নরেন্দ্র মোদি খালেদা জিয়ার পরিবার এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক সমবেদনা জানিয়েছেন। এক্সে দেওয়া পোস্টে মোদি খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে স্মরণ করেছেন এবং দেশের উন্নয়ন ও ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান চিরকাল স্মরণীয় থাকবে বলে উল্লেখ করেছেন। ২০১৫ সালে ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে ব্যক্তিগত সাক্ষাতের কথা স্মরণ করে মোদি বলেছেন, বেগম খালেদা জিয়ার দৃষ্টিভঙ্গি ও রাজনৈতিক উত্তরাধিকার ভবিষ্যতেও দুই দেশের অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাবে। মোদি শোকবার্তায় খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার শোক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্সে’ এক শোক বার্তায় তিনি শোক প্রকাশ করেছেন। মমতা বলেন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অন্যতম নেত্রী খালেদা জিয়ার প্রয়াণে আমি শোকাহত। খালেদা জিয়ার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, আমি তার শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব ও তার রাজনৈতিক সহকর্মীদের সমবেদনা জানাচ্ছি। খালেদা জিয়ার মৃত্যুতে অন্যান্য বিশ্বনেতাদের পাশাপাশি শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এক শোকবার্তায় তিনি বলেছেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন ও ভারত–বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, বিএনপির চেয়ারপার্সন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। শেহবাজ শরীফ বলেন, বাংলাদেশের জন্য আজীবন তিনি অবদান রেখে গেছেন। একই সঙ্গে বাংলাদেশের প্রবৃদ্ধি ও উন্নয়নে তিনি বিশেষ ভূমিকা রেখেছেন। বেগম জিয়া পাকিস্তানের একজন নিবেদিত বন্ধু ছিলেন। তিনি বলেন, আমার সরকার এবং পাকিস্তানের জনগণ এই দুঃখের মুহূর্তে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে। এই কঠিন সময়ে আমাদের চিন্তাভাবনা এবং প্রার্থনা তার পরিবার, বন্ধুবান্ধব এবং বাংলাদেশের জনগণের সঙ্গে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা তার আত্মার শান্তি কামনা করুন।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শোক
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় ইসহাক দার লেখেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।
তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।
ইসহাক দার বলেন, মহান আল্লাহতাআলা যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দেন।
চীনের প্রধানমন্ত্রীর শোক
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক শোকবার্তায় তিনি এ শোক জানান। ঢাকায় চীন দূতাবাস এ তথ্য জানিয়েছে। লি কিয়াং বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিক এবং চীনা জনগণের একজন পুরোনো বন্ধু। তার প্রধানমন্ত্রিত্বকালে চীন ও বাংলাদেশের মধ্যে দীর্ঘমেয়াদি বন্ধুত্ব, সমতা ও পারস্পরিক কল্যাণের ভিত্তিতে সমন্বিত সহযোগিতামূলক অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হয়, যা দ্বিপক্ষীয় সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতিতে ভূমিকা রেখেছে। চীন-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে চীনের প্রধানমন্ত্রী বলেন।
শোক প্রকাশ করল জার্মান দূতাবাস
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকার জার্মান দূতাবাস। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোক বার্তায় জার্মান দূতাবাস বলেছে, বেগম জিয়া তার দীর্ঘ জনজীবনে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জার্মানি কয়েক দশক ধরে তার সঙ্গে সম্পৃক্ততার কথা স্মরণ করছে, যার মধ্যে রয়েছে ২০০৪ সালে ঢাকায় তৎকালীন জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোশকা ফিশারের সাক্ষাৎ, ২০১১ সালে বেগম জিয়ার রাষ্ট্রীয় সফরের সময় জার্মান প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান উলফের সঙ্গে বৈঠক। এ ছাড়া, তিনি বছরের পর বছর ধরে জ্যেষ্ঠ জার্মান প্রতিনিধিদের সঙ্গে অন্যান্য উচ্চ পর্যায়ের বৈঠকে জড়িত ছিলেন। এই প্রয়াণ মুহূর্তে জার্মানি জাতীয় জীবনে তার অবদানকে সম্মান জানায় এবং তার পরিবার, দল এবং বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানায়।
শোক প্রকাশ করল ইইউ-ফ্রান্স-যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ফ্রান্স, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন পৃথক পৃথক বার্তায় এই শোক জানিয়েছে। ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মিশন বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে। ইইউ জানিয়েছে, বেগম খালেদা জিয়ার জীবন ও নেতৃত্ব বাংলাদেশের রাজনীতিতে একটি বিশেষ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। ঢাকায় অবস্থিত ফরাসি দূতাবাস এক শোকবার্তায় জানিয়েছে, দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা বাংলাদেশের জাতীয় জীবনের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই শোকের সময় তার পরিবার, রাজনৈতিক দল এবং বাংলাদেশের জনগণের প্রতি আমাদের সমবেদনা। তার স্থায়ী প্রভাব স্মরণীয় থাকবে। যুক্তরাজ্য হাইকমিশনও গভীর শোক প্রকাশ করেছে। তারা বলেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা অত্যন্ত দুঃখিত। অস্ট্রেলিয়া হাইকমিশন বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছে। এক বার্তায় তারা লিখেছে, সাবেক প্রধানমন্ত্রী, নেত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমাদের চিন্তা ও সমবেদনা বাংলাদেশের জনগণের সঙ্গে রয়েছে।
কানাডার শোক
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কানাডা। একই সঙ্গে মরহুমার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছে দেশটি। মঙ্গলবার এক শোকবার্তায় বাংলাদেশে নিযুক্ত কানাডীয় হাইকমিশন জানায়, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কানাডা তাঁর পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।’ হাইকমিশন আরও বলেছে, ‘কানাডা আশা প্রকাশ করে যে এই কঠিন সময়ে তাঁর পরিবার শোক সইবার শক্তি ও ধৈর্য খুঁজে পাবে।’
শোক প্রকাশ করল ইরান
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইরান। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকার ইরান দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং তার প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে বাংলাদেশ-ইরানের সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক। ইরান দূতাবাসের বিবৃতিতে আরও বলা হয়, বেগম খালেদা জিয়া একজন প্রখ্যাত জাতীয় নেতা ছিলেন, যিনি গণতান্ত্রিক শাসন ও জনগণের জীবনে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তার দায়িত্বকালীন সময়ে দুই দেশের সম্পর্ক পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছিল। এতে আরও বলা হয়েছে, ইরান দূতাবাস তার পরিবার, বিশেষ করে ছেলে তারেক রহমানসহ সহকর্মী ও সমর্থকদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছে এবং মরহুমার আত্মার শান্তি কামনা করছে।
নেপালের শোক প্রকাশ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোক বার্তায় সুশীলা কার্কি বলেন, বিএনপি চেয়ারপারসন এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। নেপাল সরকার এবং জনগণের পক্ষ থেকে, আমি তার পরিবার, বন্ধুবান্ধব এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। খালেদা জিয়া আজীবন জনসেবার এক উত্তরাধিকার রেখে গেছেন, তার স্থায়ী নেতৃত্ব তার দেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক অধ্যায় হিসেবে চিহ্নিত করেছে। নেপালের একজন প্রকৃত বন্ধু হিসেবে, নেপাল-বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তার বিদেহী আত্মা চির শান্তিতে থাকুক।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া তৎকালীন প্রধা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে ইসলামি দলগুলোর নারী বিভাগ। জোটবদ্ধভাবে মাঠের আন্দোলন ও নির্বাচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো জামায়াতে ইসলামী পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাম্প্রতিক নির্বাচনের পর ভিন্নমতাবলম্বী ও স্বতন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আল...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক এবং ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited