শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৬:০৩ পিএম, ২০২৬-০৪-১২
মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া শর্ত ইরান মেনে না নেওয়ায় কোনও ধরনের শান্তি চুক্তি ছাড়াই শেষ হয়েছে দুই দেশের মধ্যকার উচ্চপর্যায়ের আলোচনা। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর প্রকাশ করে। জেডি ভ্যান্স জানান, পরমাণু অস্ত্র তৈরি না করার বিষয়ে মার্কিন কর্মকর্তাদের দেওয়া শর্তগুলো গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে ইরান। ফলে কোনও সমঝোতা ছাড়াই আলোচনার সমাপ্তি টেনে মার্কিন প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার পরিকল্পনা করছে। টানা ২১ ঘণ্টা ধরে চলা এই রুদ্ধশ্বাস আলোচনার বিষয়ে ভ্যান্স বলেন, পুরো সময়জুড়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেছেন। আলোচনা ব্যর্থ হওয়ার কারণ ব্যাখ্যা করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, সহজ সত্যটি হলো, আমাদের এমন একটি ইতিবাচক প্রতিশ্রুতি দরকার ছিল যেখানে ইরান কোনো পরমাণু অস্ত্র তৈরি করবে না। এমনকি পরমাণু অস্ত্র দ্রুত তৈরি করতে সক্ষম, এমন কোনও সরঞ্জামও তারা সংগ্রহ করবে না।
ইরানের সঙ্গে ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ, চুক্তি ছাড়াই ফিরছেন ভ্যান্স
ইরানের সঙ্গে পরমাণু অস্ত্র ইস্যুতে কোনও সমঝোতা না হওয়ায় পাকিস্তান ত্যাগ করছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। স্থানীয় সময় সকাল ৭টা ৮ মিনিটে ইসলামাবাদে তিনি নিজ সরকারি বিমানে আরোহণ করেন। ভাইস প্রেসিডেন্টের সঙ্গে থাকা এক সাংবাদিকের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর এপি’র। জেডি ভ্যান্স জানিয়েছেন, পরমাণু অস্ত্র তৈরির অবস্থান থেকে ইরান সরে আসতে অস্বীকৃতি জানানোয় আলোচনা আর দীর্ঘায়িত হয়নি। টানা ২১ ঘণ্টা ধরে চলা এই নিবিড় ও উচ্চপর্যায়ের আলোচনা কোনও ইতিবাচক ফলাফল ছাড়াই শেষ হলো। ফলে কোনও চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা। গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হয়। দীর্ঘ সংঘাতের পর আলোচনার টেবিলে বসে দুই দেশ। গত ৭ এপ্রিল থেকে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ওয়াশিংটন ও তেহরান।
মার্কিন ‘অতিরিক্ত আবদারে’ ভেস্তে গেলো আলোচনা, জানালো ইরান
পাকিস্তানে অনুষ্ঠিত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কোনও চুক্তি ছাড়াই শেষ হয়েছে বলে নিশ্চিত করেছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ। এর মাধ্যমে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের দেওয়া বক্তব্যের সত্যতা মিললো ইরানের পক্ষ থেকেও। টাইমস অব ইসরায়েল এ খবর প্রকাশ করেছে। আলোচনা ব্যর্থ হওয়ার পেছনে ওয়াশিংটনকে দায়ী করে তাসনিম নিউজ দাবি করেছে, যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত দাবি’ একটি সাধারণ ঐকমত্যে পৌঁছানোর পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, আলোচনায় দুই দেশের মধ্যে মতবিরোধের বেশ কিছু বিষয় ছিল। এর মধ্যে অন্যতম হলো হরমুজ প্রণালিতে নৌচলাচলের অধিকার এবং ইরানের পারমাণবিক অধিকার। মূলত এই বিষয়গুলো নিয়ে দুই পক্ষ একমত হতে না পারায় কোনও সমঝোতা ছাড়াই শেষ হয়েছে উচ্চপর্যায়ের এই কূটনৈতিক তৎপরতা।
সিদ্ধান্তের ভার আমেরিকার হাতে, আলোচনায় ‘তাড়াহুড়ো নেই’ ইরানের
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা প্রসঙ্গে ইরান জানিয়েছে, সমঝোতার ব্যাপারে এখন সব দায়বদ্ধতা ওয়াশিংটনের এবং তেহরানের কোনও ‘তাড়াহুড়ো নেই’। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা’র। সূত্রটি তাসনিম নিউজকে জানায়, ইরান আলোচনায় অত্যন্ত যুক্তিসঙ্গত উদ্যোগ ও প্রস্তাব পেশ করেছে। এখন সিদ্ধান্তের ভার আমেরিকার হাতে; তারা বিষয়গুলোকে বাস্তবসম্মতভাবে দেখছে কি না, সেটাই দেখার বিষয়। আলোচনায় ব্যর্থতার জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে সূত্রটি আরও দাবি করে, যুদ্ধের ময়দানের মতো আলোচনার টেবিলে বসেও ভুল হিসাব কষছে ওয়াশিংটন। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, যতক্ষণ না যুক্তরাষ্ট্র একটি যুক্তিসঙ্গত চুক্তিতে সম্মত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালি ইস্যুতে কোনও পরিবর্তন আসবে না। সূত্রটি আরও জানিয়েছে, পরবর্তী পদক্ষেপের জন্য ইরান কোনও তাড়াহুড়ো করছে না।
অব্যাহত থাকবে কূটনৈতিক প্রচেষ্টা : যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান পাকিস্তানের
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে উভয় পক্ষকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইশাক দার। দুই দেশের মধ্যকার আলোচনা নিয়ে জারি করা এক বিবৃতিতে তিনি এই গুরুত্বারোপ করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। ইশাক দার বলেন, উভয় পক্ষ তাদের দেওয়া যুদ্ধবিরতির প্রতিশ্রুতি পালন অব্যাহত রাখবে, এটি এখন অত্যন্ত জরুরি। তিনি আশা প্রকাশ করে বলেন, পুরো অঞ্চলে টেকসই শান্তি ও সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে দুই দেশই ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যাবে। পাকিস্তান আগামী দিনগুলোতেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যোগাযোগ এবং সংলাপ সহজ করতে নিজেদের ভূমিকা পালন করে যাবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এছাড়া, যুদ্ধবিরতি অর্জনে পাকিস্তানের প্রচেষ্টার প্রশংসা করায় উভয় পক্ষকেই ধন্যবাদ জানান ইশাক দার।
এক বৈঠকেই চুক্তির প্রত্যাশা ছিল না কারও: ইরান
ইসলামাবাদে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থবির হয়ে পড়ার পর বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মাত্র এক অধিবেশনেই কোনো চুক্তিতে পৌঁছানো যাবে, এমন প্রত্যাশা কারও ছিল না। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি এ খবর জানিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, স্বভাবতই শুরু থেকেই আমাদের এমন প্রত্যাশা করা উচিত ছিল না যে মাত্র একটি অধিবেশনেই আমরা কোনো চুক্তিতে পৌঁছে যাব। কারো মনেই এ ধরনের কোনও প্রত্যাশা ছিল না। আলোচনা চুক্তিহীনভাবে শেষ হলেও কূটনৈতিক যোগাযোগের পথ বন্ধ হয়ে যায়নি বলে ইঙ্গিত দেন বাঘাই। তিনি জানান, পাকিস্তান এবং এ অঞ্চলের অন্যান্য বন্ধুরাষ্ট্রগুলোর সঙ্গে তেহরানের যোগাযোগ অব্যাহত থাকবে এ বিষয়ে তারা আত্মবিশ্বাসী।
ইরান মার্কিন শর্ত না মানলে ‘নৌ-অবরোধের’ হুমকি ট্রাম্পের
ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর এবার তেহরানের ওপর কঠোর ব্যবস্থার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যদি মার্কিন শর্ত মেনে নিতে ব্যর্থ হয়, তবে দেশটির ওপর ‘নৌ-অবরোধ’ আরোপ করা হতে পারে, এমন একটি নিবন্ধ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ শেয়ার করেছেন তিনি। রবিবার (১২ এপ্রিল) ইরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইম অব ইসরায়েল এ খবর প্রকাশ জানিয়েছে। ট্রাম্প-সমর্থিক সংবাদমাধ্যম ‘জাস্ট দ্য নিউজ’-এ প্রকাশিত ওই নিবন্ধটির শিরোনাম, ‘ইরান মাথা নত না করলে প্রেসিডেন্টের হাতে থাকা তুরুপের তাস: নৌ-অবরোধ’। নিবন্ধটিতে বলা হয়েছে, এই অবরোধের মাধ্যমে ইরানের অর্থনীতিকে শ্বাসরুদ্ধ করে দেওয়া সম্ভব হবে। এর ফলে ইরানের মিত্র দেশ হিসেবে পরিচিত চীন ও ভারতও চাপের মুখে পড়বে, কারণ দেশ দুটি ইরানি তেলের ওপর নির্ভরশীল। এতে আরও দাবি করা হয়, ট্রাম্পের এই পদক্ষেপ হবে তার আগেকার ‘সফল অবরোধ কৌশলের’ পুনরাবৃত্তি। এর আগে গত জানুয়ারিতে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনীর হাতে আটকের আগে দেশটির ওপর নৌ-অবরোধ আরোপ করা হয়েছিল, যা ভেনেজুয়েলার অর্থনীতিকে পুরোপুরি ধসিয়ে দিয়েছিল।
যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী আলোচনার পরিকল্পনা নেই তেহরানের
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ার পর পরবর্তী বৈঠকের বিষয়ে অনাগ্রহ দেখিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত দ্বিতীয় দফায় কোনও আলোচনায় বসার পরিকল্পনা তাদের নেই। রবিবার (১২ এপ্রিল) ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে। ইরানের আলোচক দলের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ফার্স নিউজ জানায়, যতক্ষণ না পর্যন্ত যুক্তরাষ্ট্র একটি যুক্তিসঙ্গত চুক্তিতে সম্মত হচ্ছে, ততক্ষণ হরমুজ প্রণালির স্থিতাবস্থায় কোনো পরিবর্তন আসবে না। ইসলামাবাদে সারারাত ধরে চলা দুই দেশের মধ্যকার এই দীর্ঘ আলোচনা যুদ্ধ বন্ধে কার্যকর চুক্তি করতে ব্যর্থ হয়েছে। এই ফলাফলকে ইরানের জন্য ‘খারাপ খবর’ বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। পাল্টা জবাবে ইরানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আতাউল্লাহ মোহাজেরানি ফার্স নিউজকে বলেন, যুক্তরাষ্ট্রের জন্য এর চেয়েও খারাপ খবর অপেক্ষা করছে। মোহাজেরানি আরও বলেন, যুক্তরাষ্ট্র নিজেই আলোচনার প্রস্তাব দিয়েছিল, মধ্যস্থতাকারীর ব্যবস্থা করেছিল এবং আলোচনার জন্য ইরানের দেওয়া ১০টি শর্ত মেনে নিয়েছিল। কিন্তু তারা যুদ্ধক্ষেত্রে যা অর্জন করতে ব্যর্থ হয়েছে, আলোচনার টেবিলে বসে তা হাসিল করার চেষ্টা করেছে।
আন্তর্জাতিক ডেস্ক : : জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে ইস্তফা দিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিটকাণ্ডের উত্...বিস্তারিত
মিলন লস্কর, শিলচর (ভারত) : : ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছে ‘কর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মিলন উদ্দিন লস্কর, শিলচর (আসাম) ১৮ জুলাই: দীর্ঘ প্রায় পাঁচ বছরের আইনি ও প্রশাসনিক জটিলতার অবসা...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : হরমুজ প্রণালীর কাছে ইরানের হরমোজগান প্রদেশের কুহেসতাক বন্দরে যুক্তরাষ্ট্রের হামলার পর ধোঁয়া উ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মহারাষ্ট্র রাজ্যের রায়গড় জেলায় টানা ভারি বৃষ্টির মধ্যে বন্যার পানিতে একটি এলপিজি বটলিং প্...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : টিকটকে নিজেকে শীর্ষস্থানে রয়েছেন এবং টেইলর সুইফট ১১ নম্বরে আছেন বলে দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited