শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৮:৩৮ পিএম, ২০২৬-০৬-০৩
দেশের প্রথম ও একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য নেওয়া স্পেস ভাড়া বাবদ সাবেক এমপি ও চেম্বারের সাবেক সভাপতি এম আবদুল লতিফসহ ট্রাস্টিদের কাছে ৩ কোটি ৬ লাখ ৬১ হাজার টাকা পাবে চিটাগাং চেম্বার। ৪০ টাকা দরে ২৬ হাজার ২০৬ বর্গফুট স্পেস ভাড়ার বিপরীতে এ টাকা জমেছে।
পাওনা টাকা পরিশোধ করে স্পেস চেম্বারকে বুঝিয়ে দেওয়ার জন্য গত বছরের ২৬ জুলাই ইউনিভার্সিটি অব পোর্তো গ্র্যান্ডের ট্রাস্টি ওমর হাজ্জাজকে চিঠি দিয়েছিলেন তৎকালীন চেম্বার প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা। চিঠিতে বলা হয়েছে, ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর ইউনিভার্সিটি অব পোর্তো গ্র্যান্ডের বোর্ড অব ট্রাস্টির প্রস্তাবের প্রেক্ষিতে চিটাগাং চেম্বারের সাথে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দ্বিতীয় তলায় ২২ হাজার ৩২১ এবং তৃতীয় তলায় ৩ হাজার ৮৮৫ বর্গফুট স্পেস মাসিক ১০ লাখ ৪৮ হাজার ২৪০ টাকায় ওই বছরের ১ ডিসেম্বর ভাড়া চুক্তিনামা সম্পাদিত হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জামানত হিসেবে তিন মাসের অগ্রীম বাবদ ৩১ লাখ ৪৫ হাজার টাকা এনসিসি ব্যাংক পিএলসির চেকে ওই বছরের ১ ডিসেম্বর চেম্বারের অ্যাকাউন্টে জমা করে।
চুক্তিনামার ৭ নম্বর ধারা অনুযায়ী ৬ মাস গ্রেস পিরিয়ড শেষে ভাড়া কার্যকর হওয়ার কথা থাকলেও অদ্যাবধি ভাড়া প্রদান ব্যতীত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে বিশ্ববিদ্যালয় অনুমোদন প্রক্রিয়া, অবকাঠামো নির্মাণ, আসবাবপত্র, জাপানি ভাষা শিক্ষা কোর্স চালুসহ দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যান।
আপনাদের সাথে চুক্তিবদ্ধ থাকা অবস্থায় উক্ত স্পেস অন্য কোনো প্রতিষ্ঠানকে ভাড়া দিতে না পারায় চেম্বার কর্তৃপক্ষ আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়। চুক্তির ধারা বি(১১) অনুযায়ী বকেয়া ভাড়ার ওপর ১ শতাংশ বিলম্ব ফি এবং পরপর ৩ মাস ভাড়া পরিশোষ না করলে অ্যাগ্রিমেন্ট বাতিল বলে গণ্য হবে।
এমতাবস্থায়, ইউনিভার্সিটি অব পোর্তো গ্র্যান্ডে এবং চেম্বারের সাথে সম্পাদিত চুক্তিনামা অনুযায়ী ২৬ হাজার ২০৬ বর্গফুট স্পেসের ২০২২ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত ৩২ মাসের মধ্যে গ্রেস পিরিয়ড ৬ মাস বাদ দিয়ে ২৬ মাসের বকেয়া ভাড়া বাবদ ২ কোটি ৭২ লাখ ৫৪ হাজার ২৪০ টাকা এবং ধারা বি(১১) অনুযায়ী বকেয়ার ওপর ১ শতাংশ বিলম্ব ফি ৩৪ লাখ ৬ হাজার ৭৮০ টাকাসহ মোট ৩ কোটি ৬ লাখ ৬১ হাজার ২০ টাকা ভাড়া পরিশোধপূর্বক স্পেস খালি করে বুঝিয়ে দেওয়ার অনুরোধ জানানো যাচ্ছে।
চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন শতবর্ষী বাণিজ্য সংগঠন চিটাগাং চেম্বারের যুগ্ম সচিব (ভারপ্রাপ্ত সচিব) নুরুল আবছার চৌধুরী।
তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কেউ আর সেখানে আসেননি। তারা আনুষ্ঠানিকভাবে ফ্লোরও বুঝিয়ে দেননি। দীর্ঘদিন ভাড়া বকেয়া থাকায় নোটিশ দেওয়া হয়েছিল। বকেয়া পরিশোধ না করায় ফ্লোর দুটি চেম্বারের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। নতুন কমিটি বকেয়া ভাড়া আদায়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
এ বিষয়ে জানার জন্য চেম্বারের সাবেক সভাপতি ও ইউনিভার্সিটি অব পোর্তো গ্র্যান্ডের ট্রাস্টি ওমর হাজ্জাজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাঁর খোঁজ পাওয়া যায়নি।
সূত্র জানায়, তিন বছরের বকেয়া ভাড়া আদায় না হওয়ায় ফ্লোর দুটি চেম্বারের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের কিছুদিন পর এমএ লতিফ গ্রেপ্তার হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। ১৩ সদস্যের মধ্যে বেশিরভাগ ট্রাস্টিরও খোঁজ নেই। এর মধ্যে এমএ লতিফের আস্থাভাজন হিসেবে পরীক্ষিত চট্টগ্রাম চেম্বারের কয়েকজন নেতা, আত্মীয়স্বজন এবং তাঁর তিন ছেলে ছিলেন। চেম্বার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে ইতিমধ্যে কয়েক দফা আইনি নোটিশ চালাচালি হয়েছে।
ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আসছে কাস্টম হাউস
এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে চেম্বারের নিয়ন্ত্রণে নেওয়া স্পেসসহ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ১ লাখ ৫৬ হাজার ৬০০ বর্গফুট অফিস ও ৮ হাজার বর্গফুট গ্যারেজ স্পেস ভাড়ার চুক্তি করেছে চিটাগাং চেম্বার। দেশের সবচেয়ে বড় রাজস্ব আহরণকারী চট্টগ্রাম কাস্টম হাউসের কার্যালয় আগামী ১ জুলাই থেকে নগরের আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আনার লক্ষ্যে গত ৫ মে এ চুক্তি হয়। বিশ্বব্যাংকের অর্থায়নে কাস্টমস হাউসের নতুন ভবন নির্মিত না হওয়া পর্যন্ত তাদের দাপ্তরিক কার্যক্রম এখান থেকে পরিচালিত হবে। প্রতি বছর ২৭ কোটি টাকা হিসাবে তিন বছরে প্রায় ৮১ কোটি টাকা ভাড়া পরিশোধ করবে কাস্টম হাউস।
দেশের প্রথম ও একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নিউইয়র্ক ভিত্তিক ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অ্যাসোসিয়েশনের সদস্যভুক্ত প্রতিষ্ঠান। প্রায় ৭ লাখ বর্গফুটের আন্তর্জাতিকমানের ২৪ তলা ভবনটি আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত। যেখানে রয়েছে ১৪টি লিফট, ৩টি বেইজমেন্টে ২৫০টি গাড়ি পার্কিং, হেলিপ্যাড। চতুর্থ তলায় মাল্টিমিডিয়া সুবিধাসহ ৩০০ আসনের কনফারেন্স হল এবং ৬০ আসনের সেমিনার হলে যেকোন ধরনের সভা/সেমিনার করার ব্যবস্থা আছে।
এতে আরও রয়েছে সেন্ট্রাল এসি, পিডিবি থেকে এক্সপ্রেস ফিডারের মাধ্যমে ২ দশমিক ৪ মেগাওয়াট বৈদ্যুতিক সাবস্টেশন, অফিস সময়ে জেনারেটর সেবা প্রদানে ২টি ১৭৩৫ কেভিএ জেনারেটর, ফায়ার সেফটি ও জরুরি বহির্গমন পথ, ইন্টিগ্রেটেড বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম (আইবিএমএস)।
চেম্বারে নতুন নেতৃত্ব
১২ বছরেরও বেশি সময় পর গত ১৩ মে চেম্বারে সরাসরি ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করেছেন ব্যবসায়ীরা। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত এ নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের প্রার্থীরা পূর্ণ প্যানেলে বিজয় অর্জন করেন। নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে চেম্বারের নবনির্বাচিত বোর্ড অব ডাইরেক্টর্স’র সভায় গত ২৫ মে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে নবনির্বাচিত পরিচালক মো. নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রেসিডিয়াম নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে মোহাম্মদ আমিরুল হক সভাপতি, মো. আমজাদ হোসেন চৌধুরী সিনিয়র সহ-সভাপতি ও মোহাম্মদ মসিউল আলম স্বপন সহ-সভাপতি নির্বাচিত হন। নির্বাচিত পরিচালকরা হলেন রাজা করপোরেশনের কামাল মোস্তফা চৌধুরী, ইস্টার্ন অ্যাপারেলস লিমিটেডের মো. নাসির উদ্দিন চৌধুরী, চুমকি অ্যাপারেলস লিমিটেডের আবু হায়দার চৌধুরী (আমজাদ), স্টিভিডোর ফ্রেন্ডস সিন্ডিকেট লিমিটেডের আমান উল্লা আল ছগির, পিএইচপি মোটরস লিমিটেডের মোহাম্মদ আকতার পারভেজ, এম এন্টারপ্রাইজ’র মোহাম্মদ মনির উদ্দিন, অর্কিড ট্রেডিংয়ের মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, পাবলিক ইলেকট্রিকের আফসার হাসান চৌধুরী, চট্টগ্রাম ট্রেড এজেন্সির এসএম সাইফুল আলম, প্রান্তিক মেরিন সার্ভিসেস লিমিটেডের মো. গোলাম সরওয়ার, জার ট্রেডের মো. জাহিদুল হাসান, টার্নিং পয়েন্টের আসাদ ইফতেখার, দি ফোর হুইলারসের মোহাম্মদ হাবিবুর রহমান, ফাল্গুনী ট্রেডার্স লিমিটেডের এএসএম ইসমাইল খান, মার্স মেরিটাইম সার্ভিসেস অ্যান্ড ইন্সপেকশনের ক্যাপ্টেন মো. আলাউদ্দিন আল আজাদ, জেএসএন এন্টারপ্রাইজ লিমিটেডের মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, স্বদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের (ইউনিট-২) মো. নুরুল ইসলাম, সাহির ট্রেডের সরোয়ার আলম খান, স্ট্যান্ডার্ড লজিস্টিক্স সার্ভিসেসের শহীদুল আলম, নিউ কর্ণফুলি ট্রেডিংয়ের মোহাম্মদ শফিউল আলম ও জেকো এন্টারপ্রাইজ’র মো. সেলিম নুর। চেম্বার সদস্যরা আশা করছেন নতুন নেতৃত্ব বৃহত্তর চট্টগ্রামের ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা, বিনিয়োগকারীদের বিদ্যমান সমস্যা, জটিলতা দূর করার পাশাপাশি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের অসমাপ্ত কাজ শেষ করে আয়বর্ধক প্রকল্প নিয়ে চিটাগাং চেম্বারকে আর্থিকভাবে শক্ত অবস্থানে নিয়ে যাবেন।
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited