শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৬:৪৮ পিএম, ২০২৬-০১-০৪
বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্কে কিছুটা দূরত্ব তৈরি হয় ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় তা আরও বড় আকার ধারণ করতে যাচ্ছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের লিগপর্বে টাইগারদের চারটি ম্যাচই পড়েছে ভারতে। সেখানে বাংলাদেশ খেলবে না জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। প্রথমে তিনটি বিষয়ে আইসিসিকে চিঠি দেওয়ার কথা থাকলেও, শেষ পর্যন্ত আইসিসির কাছে একটি দাবি জানিয়েছে বিসিবি। আজ (রোববার) দুপুরে ১৭ জন বোর্ড পরিচালক মিলে নতুন সিদ্ধান্ত নিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে। যেখানে সিদ্ধান্ত হয়েছে– ভারতের মাটিতে বিশ্বকাপের কোনো ম্যাচেই খেলবে না বাংলাদেশ। বিসিবির এক পরিচালক ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। আইসিসিকে পাঠানো ই-মেইলে বিসিবি জানিয়েছে, ‘নিরাপত্তার শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়।’ যে কারণে ভেন্যু সরিয়ে নিতে আবেদন করেছে বোর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে ভারতের সঙ্গে যৌথ আয়োজক শ্রীলঙ্কা। এর আগে পাকিস্তানের সঙ্গে বিরোধের জেরে তাদের সব ম্যাচই লঙ্কান ভেন্যুতে নির্ধারিত হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ চলবে। যেখানে ‘সি’ গ্রুপে বাংলাদেশ খেলবে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি নেপাল ও ইতালির সঙ্গে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী– আগামী ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের ভেন্যু কলকাতার ইডেন গার্ডেন। একই ভেন্যুতে পরের দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড ও ইতালি। শেষ ম্যাচে মুম্বাইয়ে বাংলাদেশ-নেপালের ম্যাচ। এদিকে, আইসিসিকে আগেই বিশ্বকাপের স্কোয়াড পাঠিয়েছিল বিসিবি। আজ আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করা হয়েছে। যেখানে টাইগারদের নেতৃত্বে প্রত্যাশিতভাবেই আছেন লিটন দাস। সাইফ হাসান তার সহ-অধিনায়ক। উইকেটকিপার জাকের আলী ও মাহিদুল ইসলাম অঙ্কন তাদের জায়গা ধরে রাখতে পারেননি। ফর্মে থেকেও দলে ঢুকতে পারেননি নাজমুল হোসেন শান্ত। বিপিএলের প্রথম কয়েক ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়ে আলোচনায় আছেন তিনি। এ ছাড়া বল হাতে দারুণ ফর্মে রিপন মন্ডল। দুর্দান্ত পারফর্ম করেছেন আলিস ইসলামও। বিপিএলে ভালো করা ক্রিকেটারদের দিকেও নজর দিচ্ছেন নির্বাচকরা। সেক্ষেত্রে ঘোষিত প্রাথমিক দলে কোনো কারণ ছাড়াই পরিবর্তন আনতে পারবে বিসিবি, এজন্য সময় ৩১ জানুয়ারি পর্যন্ত। এরপর কোনো পরিবর্তনের প্রয়োজন পড়লে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন লাগবে।
আইসিসিকে দেওয়া চিঠিতে যা বলেছে বিসিবি
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছে বিসিবি। আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচের ভেন্যু ভারতের বাইরে সরিয়ে নেওয়ার জন্য আবেদন জানিয়েছে বিসিবি। বিসিবি জানিয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের একটি জরুরি সভা আজ (৪ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হয়। সভায় ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সংক্রান্ত সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।' 'পর্ষদ গত ২৪ ঘণ্টার মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে পর্যালোচনা করে এবং ভারতে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোতে বাংলাদেশের জাতীয় দলের অংশগ্রহণ ঘিরে সৃষ্ট সামগ্রিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। বর্তমান পরিস্থিতির পূর্ণাঙ্গ মূল্যায়ন, ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বাড়তে থাকা উদ্বেগ এবং বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনায় নিয়ে পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে যে, বর্তমান অবস্থায় বাংলাদেশ জাতীয় দল টুর্নামেন্টে অংশ নিতে ভারতে ভ্রমণ করবে না।' 'এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে, টুর্নামেন্টের কর্তৃপক্ষ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) অনুরোধ জানিয়েছে, বাংলাদেশের সব ম্যাচ যেন ভারতের বাইরে কোনো ভেন্যুতে স্থানান্তর করার বিষয়টি বিবেচনা করা হয়।' 'পর্ষদের বিশ্বাস, এই পদক্ষেপটি বাংলাদেশের খেলোয়াড়, দলীয় কর্মকর্তা, বোর্ড সদস্য এবং অন্যান্য সংশ্লিষ্ট সবার নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে এবং দলকে একটি নিরাপদ ও উপযুক্ত পরিবেশে টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ দিতে অত্যন্ত জরুরি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আশা করছে, আইসিসি পরিস্থিতিটি যথাযথভাবে অনুধাবন করবে এবং এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানাবে।’
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited