শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:২৫ পিএম, ২০২৫-১২-৩০
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন দেশের বিভিন্ন উপদেষ্টা রাজনৈতিক দল-ব্যবসায়ী-সাংবাদিক ও বিভিন্ন মহল। আজ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দলের ভেরিফায়েড ফেসবুক পেজে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর জানিয়ে লেখা হয়, ‘বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর ৬টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি ও সবার নিকট ওনার বিদেহী আত্মার মাগফেরাত কামনার জন্য দোয়া চাচ্ছি।’
নির্বাচন কমিশনের শোক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ নির্বাচন কমিশন গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। মঙ্গলবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক শোকবার্তায় বলা হয়েছে, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে একজন প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তিনি ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৯৬ ও ২০০১ সালে আরও দুই দফা প্রধানমন্ত্রী নির্বাচিত হন। রাজনৈতিক জীবনে তিনি বহুদলীয় গণতন্ত্র, সাংবিধানিক শাসনব্যবস্থা ও রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। নির্বাচন কমিশন মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টার শোক: সাবেক প্রধানমন্ত্রী, প্রবীণ রাজনীতিবিদ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী । শোকবার্তায় উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের তিন বারের প্রধানমন্ত্রী এবং একজন সফল, সৎ ও আদর্শ রাজনীতিবিদ। বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। উপদেষ্টা মঙ্গলবার এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার শোক : তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। মঙ্গলবার এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। শোকবার্তায় উপদেষ্টা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন খালেদা জিয়া। তাঁর নেতৃত্বকালেই বাংলাদেশ রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে সংসদীয় গণতন্ত্রে ফিরে আসে। তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশে প্রাতিষ্ঠানিক শিক্ষার সম্প্রসারণ, নারী শিক্ষার অগ্রগতি, নারীর ক্ষমতায়ন, ক্ষুদ্র অর্থনীতির বিস্তার এবং এসএমই খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শোকবার্তায় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তথ্য, পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টার শোক: দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার এক শোকবার্তায় উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি ঘটলো। তিনি বলেন, পতিত স্বৈরাচার এরশাদ ও শেখ হাসিনার বিরুদ্ধে তাঁর আদর্শিক ও আপসহীন অবস্থান, নেতৃত্ব ও লড়াই বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের ইতিহাসে অনন্য গুরুত্বপূর্ণ অধ্যায় ও অবদান হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে বেগম খালেদা জিয়া পরিবেশ, অবকাঠামো, নারী শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়নে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণে যে ভূমিকা রেখেছেন জাতি তা চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে বলেও উপদেষ্টা উল্লেখ করেন। উপদেষ্টা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
অর্থ উপদেষ্টার শোক : সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার এক শোকবার্তায় উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এক দীর্ঘকালীন ও প্রভাবশালী নেতৃত্বের প্রতীক। উপদেষ্টা তাঁর রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদ্য ও ভূমি উপদেষ্টার শোক : তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এক শোকবার্তায় উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবককে হারাল। এ মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি। আলী ইমাম মজুমদার বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর অবদান, দীর্ঘ সংগ্রাম এবং তাঁর প্রতি জনগণের আবেগ বিবেচনায় নিয়ে সরকার চলতি মাসে তাঁকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে। উপদেষ্টা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও দলের নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার শোক: সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। আজ এক শোকবার্তায় উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী। দেশের সংসদীয় গণতন্ত্রের উত্তরণে এবং জাতীয় উন্নয়নে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তিনি মরহুমার বিদেহ আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যসহ ও রাজনৈতিক শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
সমাজকল্যাণ উপদেষ্টার শোক: গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। এক শোকবার্তায় উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক অভিভাবককে হারিয়েছেন। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। শারমীন এস মুরশিদ বলেন, বেগম খালেদা জিয়া শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না; তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর অবদান, তাঁর দীর্ঘ সংগ্রাম এবং তাঁর প্রতি জনগণের আবেগ বিবেচনায় নিয়ে সরকার চলতি মাসে তাঁকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে। উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়ার বহু কর্ম ও সিদ্ধান্ত দেশকে অনেক দূর এগিয়ে নিয়েছে। তিনি মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি চালু করেন, যা বাংলাদেশের নারী শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয়। তিনি আরও বলেন, বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার শোক: সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। আজ এক শোকবার্তায় উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী নেতৃত্ব। গণতন্ত্র ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। উপদেষ্টা মরহুমার বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, দলীয় নেতাকর্মী ও তাঁর অসংখ্য অনুসারীর প্রতি গভীর সমবেদনা জানান।
বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের শোক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। আজ এক শোক বার্তায় ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘বেগম খালেদা জিয়া বাংলাদেশে প্রাতিষ্ঠানিক ও নারী শিক্ষার বিকাশ, নারীর ক্ষমতায়ন ও এসএমই খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। নব্বইয়ের দশকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন, সংসদীয় রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনার বিভিন্ন পর্যায়ে তাঁর ভূমিকা দেশের রাজনৈতিক ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। ফয়েজ আহমদ তৈয়্যব মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, বিএনপির নেতাকর্মী ও তাঁর অসংখ্য অনুসারীর প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, ‘আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত।’
সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বেগম খালেদা জিয়াকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমিন।’
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফেসবুকে পোস্ট দিয়ে শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান ফেসবুকে লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ওপরে রহম করুন, ক্ষমা করুন এবং তাঁর প্রিয় জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তাঁর আপনজন, প্রিয়জন ও সহকর্মীদেরকে মহান আল্লাহ সবরে জামিল দান করুন। আমিন।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বেগম খালেদা জিয়ার মুত্যুতে গভীর শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর সাহসী নেতৃত্ব গণতান্ত্রিক অধিকার আদায়ে এদেশের মানুষকে পথ দেখিয়েছে। নব্বইয়ের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে সংসদীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারে অসামান্য ভূমিকা রেখেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহুবার কারাবরণ করেছেন এবং চড়াই-উৎরাই পার করেছেন, কিন্তু নিজের রাজনৈতিক আদর্শ ও জনগণের অধিকারের প্রশ্নে তিনি ছিলেন অবিচল।’ নাহিদ ইসলাম আরও লিখেছেন, ‘দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে তিনি ছিলেন আপসহীন। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বেগম খালেদা জিয়ার অবদান এবং সংগ্রামের স্মৃতি নিশ্চয়ই সংরক্ষিত থাকবে। দেশ ও জনগণের কল্যাণে নিয়োজিত তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে । আজ তাঁর মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি দীর্ঘ ও ঘটনাবহুল অধ্যায়ের সমাপ্তি ঘটলো।’ মহান আল্লাহর কাছে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এনসিপির আহ্বায়ক। তিনি শোকসন্তপ্ত পরিবার ও বেগম খালেদা জিয়ার অসংখ্য অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই! ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত!’
চরমোনাই পীরের গভীর শোক: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর চরমোনাই গভীর শোক প্রকাশ করেছেন। মঙ্গলবার সকালে এক শোকবার্তায় পীর চরমোনাই বলেন, বাংলাদেশের রাজনৈতিক চর্চা ও ইতিহাসে বেগম খালেদা জিয়া একজন উজ্জ্বল ও গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজন, দলীয় নেতাকর্মী ও তাঁর অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করেন। আল্লাহ যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দান করেন।
মিজানুর রহমান আজহারী শোক : মারা গেছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার প্রয়াণ ঘটে। আপসহীন এই নেত্রীর বিদায়ে সারাদেশে নেমেছে শোকের ছায়া, শোক জানিয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়া দুনিয়ার সফর শেষ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তার ভুলত্রুটি ক্ষমা করুন, ভালো কাজগুলোকে কবুল করুন এবং জান্নাতের মেহমান বানিয়ে নিন।
শায়খ আহমাদুল্লাহ শোক : মারা গেছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার প্রয়াণ ঘটে। আপসহীন এই নেত্রীর বিদায়ে সারাদেশে নেমেছে শোকের ছায়া, শোক জানিয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ । নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি বলেন,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তার ভুল-ত্রুটি মার্জনা করে জান্নাতবাসী করুন। এই শোকের দিনে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
সাবেক বিমান প্রতিমন্ত্রী মীর নাছিরের শোক : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলটির ভাইস চেয়ারম্যান সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক মেয়র মীর মোহাম্মদ নাছির উদ্দিন গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন। গণমাধ্যমে দেওয়া এক শোকবার্তায় মীর মোহাম্মদ নাছির উদ্দিন মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন। শোকবার্তায় বলা হয়েছে, বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৯৬ ও ২০০১ সালে আরও দুই দফা প্রধানমন্ত্রী নির্বাচিত হন। রাজনৈতিক জীবনে তিনি বহুদলীয় গণতন্ত্র, সাংবিধানিক শাসনব্যবস্থা ও রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাতের শোক : বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন। এক শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক অবিচ্ছেদ্য অংশ। তিনি আজীবন দেশের মানুষের ভোটের অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য আপোষহীন সংগ্রাম করে গেছেন। তিনি দীর্ঘদিন দেশ ও জাতির জন্য নেতৃত্ব দিয়েছেন এবং গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রীই ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর মৃত্যুতে দেশ একজন মহান অভিভাবক ও অভিজ্ঞ রাষ্ট্রনায়ককে হারাল। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তিনি বলেন, এই শোকের মুহূর্তে আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার পরিজন, দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
বাসদের শোক প্রকাশ : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বার্তায় সংগঠনের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, ৮০ দশকে সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং বিগত ১৬ বছরের ফ্যাসিবাদ বিরোধী গণআন্দোলনে তথা ৯০ ও ২৪ এর গণঅভ্যুত্থানে বেগম খালেদা জিয়ার দৃঢ়তা ও আপসহীন ভূমিকা দেশবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। বার্তায় তিনি শোককে শক্তিতে পরিণত করে গণতন্ত্র, ভোটাধিকার ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তথা মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণঅভ্যুত্থানের গণ আকাঙ্খা পূরণে সংগ্রাম জারি রাখার জন্য বিএনপির সব নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান।
লাভ বাংলাদেশ পার্টির শোক প্রকাশ: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে লাভ পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বার্তায় মিজানুর রহমান চৌধুরী বলেন বাংলাদেশের রাজনৈতিক চর্চা ও ইতিহাসে বেগম খালেদা জিয়া একজন উজ্জ্বল ও গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বিগত ১৬ বছরের ফ্যাসিবাদ বিরোধী গণআন্দোলনে তথা ৯০ ও ২৪ এর গণঅভ্যুত্থানে বেগম খালেদা জিয়ার দৃঢ়তা ও আপসহীন ভূমিকা দেশবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজন, দলীয় নেতাকর্মী ও তাঁর অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করেন। আল্লাহ যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দান করেন।
হেফাজতের শোক: খালেদা জিয়ার আপসহীন রাজনৈতিক অবস্থান সবসময় জনগণকে অনুপ্রেরণা যুগিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান। গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তারা বলেন, মহান আল্লাহ তায়ালার দরবারে আমরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছি। সেইসঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। বেগম জিয়া ছিলেন একজন সাহসী দেশপ্রেমিক বাংলাদেশি মুসলিম নারী। ‘ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের পক্ষে তার আপসহীন রাজনৈতিক অবস্থান ও ভূমিকা সবসময় জনগণকে অনুপ্রেরণা যুগিয়েছে। মৃত্যুর আগে তিনি পুরো জাতির অবিসংবাদিত রাজনৈতিক অভিভাবকে পরিণত হয়েছিলেন।’ বিবৃতিতে তারা আরও বলেন, আমরা আশা করি, বর্তমান বিএনপি বেগম জিয়ার আধিপত্যবাদবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী আদর্শ ধারণ করে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বের পক্ষে আপসহীন রাজনীতি অব্যাহত রাখবে।
সিইউজের শোক: বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সিইউজের প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শোক জানানো হয়। বিবৃতিতে সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণী ও দৃঢ়চেতা নেতৃত্ব। রাষ্ট্র পরিচালনা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং বহুদলীয় রাজনীতির বিকাশে তার অবদান ইতিহাসে অসামান্য। একজন সাহসী ও আপসহীন রাজনৈতিক চরিত্র হিসেবে তিনি দেশের মানুষের অধিকার ও মর্যাদার প্রশ্নে আজন্ম সংগ্রামী নেত্রী। নব্বইয়ের গণঅভ্যুত্থানসহ দেশের প্রতিটি গণতান্ত্রিক রূপান্তরে তিনি এক অনন্যসাধারণ ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। তার মৃত্যুতে জাতি এক অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল। এ শোকাবহ মুহূর্তে সিইউজে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
বিএমইউ ভিসির শোক: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত শোকবার্তায় এ তথ্য জানানো হয়। শোকবার্তায় বলা হয়, অধ্যাপক শাহিনুল আলম মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। এতে আরও উল্লেখ করা হয়, খালেদা জিয়ার রাজনৈতিক নেতৃত্ব, দীর্ঘ সংগ্রাম এবং প্রতিকূলতার মুখে দৃঢ় অবস্থান বাংলাদেশের বহুদলীয় রাজনীতিতে এক স্বতন্ত্র অধ্যায় তৈরি করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভিসির নির্দেশে ক্যাম্পাসে শোক কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি, প্রয়োজনে জানাজার ব্যবস্থাপনায় সার্বিক সহায়তা দিতে প্রশাসনিক সমন্বয় রাখা হচ্ছে। খালেদা জিয়ার মৃত্যুতে বিএমইউর বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও কর্মকর্তারাও আলাদাভাবে শোক প্রকাশ করেছেন।
ঢাবি উপাচার্যের শোক: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গভীর শোক প্রকাশ করেছেন। আজ ৩০ ডিসেম্বর এক শোকবাণীতে উপাচার্য বলেন, বেগম খালেদা জিয়া দেশ ও জাতির কল্যাণে আজীবন কাজ করে গেছেন। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর নিরলস সংগ্রাম ও সাধনা ভবিষ্যৎ প্রজন্মকে যুগ যুগ ধরে দিক নির্দেশনা দিবে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশ ও জাতির সেবা করেছেন এবং সর্বদা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। দেশ ও জাতির প্রতি তাঁর অনন্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। উপাচার্য বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ঢাবিতে ৩ দিনের শোক ঘোষণা : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শোক পালনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। রাষ্ট্রীয় কর্মসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের পরবর্তী কর্মসূচি প্রণয়ন করা হবে। এছাড়া, বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন ও কর্মকে উপজীব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক সেমিনার ও অন্যান্য কর্মসূচি গ্রহণ করা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজ মঙ্গলবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’সহ সব হল/হোস্টেল এবং আবাসিক এলাকার মসজিদে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআনখানি, দোয়া ও মোনাজাত করা হবে। অন্যান্য ধর্মীয় উপসনালয়ে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হবে।
খুবি উপাচার্যের শোক : তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। এক শোক বার্তায় উপাচার্য বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। তাঁর আপোষহীন নেতৃত্বের ফলে বিভিন্ন সময়ে দেশের সংকটময় পরিস্থিতির সফল উত্তরণ ঘটেছে। তাঁর ইন্তেকালে দেশ এক অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও প্রভাবশালী রাজনৈতিক অভিভাবককে হারালো, যা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘমেয়াদি শূন্যতার সৃষ্টি করলো। আরও শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সকল স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক, প্রভোস্ট এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
মাভাবিপ্রবির উপাচার্যের শোক : বাংলাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় উপাচার্য বলেন, বাংলাদেশের রাজনীতিতে দলমতের ঊর্ধ্বে একজন জাতীয় নেতা ছিলেন বেগম খালেদা জিয়া। তিনি দীর্ঘ সময়ব্যাপী দেশের রাজনীতিতে প্রভাবশালী নেতৃত্ব হিসেবে সক্রিয় ছিলেন। তিনি ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বহু বছর রাষ্ট্রীয় নেতৃত্ব প্রদান করেছেন। মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শোকবার্তায় মরহুমার পরিবার, রাজনৈতিক সহকর্মী ও সর্বসাধারণের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে মহান আল্লাহ্র কাছে তাঁর আত্মার মাগফেরাত কামনা করা হয়।
ইউজিসি’র শোক : সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ। এক শোকবার্তায় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. ফায়েজ বলেন, দৃঢ়চেতা ও সাহসী এই নেত্রী গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বাংলাদেশের জনগণকে দিকনির্দেশনা দিয়েছেন। তরুণ প্রজন্মের কাছে তিনি একজন অনুকরণীয় নেতৃত্বের প্রতীক হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর এই প্রয়াণ জাতির জীবনে এক অপূরণীয় ক্ষতি এবং দেশের রাজনৈতিক অঙ্গনে এক গভীর শূন্যতার সৃষ্টি করলো। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের স্নাতক পর্যায়ে কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ ইউজিসির মাধ্যমে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রবর্তনের পরামর্শ প্রদান করেন। এছাড়া তাঁর শাসনামলে জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, যা দেশের উচ্চশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশে নারী শিক্ষার প্রসারেও তাঁর অনবদ্য অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে চিরদিন স্মরণ করবে।
ঢাকা চেম্বারের শোক : বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এক শোকবার্তায় ডিসিসিআই’র সভাপতি তাসকীন আহমেদ এবং চেম্বারের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। শোকবার্তায় উল্লেখ করা হয়, বেগম খালেদা জিয়া দেশের অন্যতম প্রবীণ ও প্রাজ্ঞ রাজনীতিবিদ ছিলেন। তিনি বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা চেম্বার জানায়, বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন। একই সঙ্গে সাধারণ মানুষের আর্থ-সামাজিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন নিরলসভাবে কাজ করে গেছেন, যা জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে। শোকবার্তায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করে বলেন, আল্লাহ যেন তাঁকে জান্নাতের মর্যাদাপূর্ণ স্থানে আসীন করেন।
এফবিসিসিআই’র শোক: বাংলাদেশের তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। মঙ্গলবার এক শোকবার্তায় এফবিসিসিআই জানায়, বাংলাদেশের গণতন্ত
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া তৎকালীন প্রধা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে ইসলামি দলগুলোর নারী বিভাগ। জোটবদ্ধভাবে মাঠের আন্দোলন ও নির্বাচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো জামায়াতে ইসলামী পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাম্প্রতিক নির্বাচনের পর ভিন্নমতাবলম্বী ও স্বতন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আল...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক এবং ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited