শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৮:৫৪ পিএম, ২০২৬-০৪-১৭
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (চট্টগ্রাম) পদ ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। হাইকোর্টের সুস্পষ্ট নির্দেশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়ার পরও একক বৈধ প্রার্থী মোহাম্মদ নূর উদ্দিন আহমেদকে বিজয়ী ঘোষণা না করায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা দেখা দিয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের প্রার্থী মোহাম্মদ নূর উদ্দিন আহমেদ অভিযোগ করেন, আদালতের আদেশ উপেক্ষা করে রিহ্যাব নির্বাচন কমিশন তাকে বিজয়ী ঘোষণা না করে কালক্ষেপণ করছে। তিনি জানান, আগামীকালই তিনি হাইকোর্টে ‘কনটেম্পট পিটিশন’ (আদালত অবমাননা মামলা) দায়ের করবেন।
আদালতের রায় ও আইনি প্রেক্ষাপট:
নূর উদ্দিন আহমেদ জানান, বাণিজ্য সংগঠন বিধিমালা ১৯৯৪ এবং রিহ্যাবের নিজস্ব বিধিমালার ধারা ১৮(৪) ও (৫) অনুযায়ী কোনো ব্যক্তি পরপর দুই মেয়াদের বেশি একই পদে থাকতে পারেন না। এই বিধি লঙ্ঘন করে মোহাম্মদ মোরশেদুল হাসান তৃতীয় মেয়াদে প্রার্থী হওয়ায় তিনি হাইকোর্টে রিট পিটিশন নং ৩৭৬৩/২০২৬ দায়ের করেন।
গত ১৩ এপ্রিল ২০২৬ তারিখে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি এ.এফ.এম. সাইফুল করিমের বেঞ্চ মোরশেদুল হাসানের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন এবং ইলেকশন আপিল বোর্ডকে ৭ কর্মদিবসের মধ্যে সিদ্ধান্ত নিতে নির্দেশ দেন।
নূর উদ্দিন বলেন, “আদালতের আদেশের কপি আমরা ১৬ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয়ের ডিটিও (DTO) এবং রিহ্যাব নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে জমা দিয়েছি। নিয়ম অনুযায়ী, একজন প্রার্থী অবৈধ ঘোষিত হলে এবং অন্যজন একক বৈধ প্রার্থী থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করতে হয়।”
একক প্রার্থী হয়েও ঘোষণা নেই:
মোরশেদুল হাসানের প্রার্থিতা বাতিল হওয়ায় নূর উদ্দিন আহমেদ এখন এই পদের একমাত্র বৈধ প্রার্থী। প্রচলিত নিয়ম অনুযায়ী তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করার কথা থাকলেও এখনো রিহ্যাব কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক গেজেট বা ঘোষণা আসেনি।
কালক্ষেপণের পেছনে ‘অসাধু যোগসাজশ’ অভিযোগ
নির্বাচনের নির্ধারিত তারিখ (১৮ এপ্রিল ২০২৬) ঘনিয়ে আসার প্রেক্ষাপটে কমিশনের এই বিলম্বকে উদ্দেশ্যমূলক বলে অভিযোগ করেন নূর উদ্দিন আহমেদ।
তার অভিযোগ— নির্বাচন কমিশনারদের রহস্যজনক অনুপস্থিতি। এমনকি শেষ কর্মদিবসেও কমিশনের সদস্যদের অফিসে পাওয়া যায়নি। তাকে বিজয়ী ঘোষণা থেকে বিরত রাখার জন্য সময়ক্ষেপণ করা হচ্ছে।
প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের পক্ষ থেকেও অভিযোগ করা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের কিছু অসাধু কর্মকর্তা এবং নির্বাচন বোর্ডের একটি অংশ বিশেষ একটি পক্ষকে (মোরশেদুল হাসান গ্রুপ) সুবিধা দিতে আদালতের আদেশ বাস্তবায়নে ইচ্ছাকৃত বিলম্ব করছে।
তাদের দাবি, প্রার্থিতা বাতিলের পরও আইনি ছিদ্র খোঁজার চেষ্টা চলছে, যাতে জোরপূর্বক ভোটগ্রহণের সুযোগ তৈরি করা যায়।
কনটেম্পট মামলার হুঁশিয়ারি:
নূর উদ্দিন আহমেদ বলেন, “আদালতের আদেশ অমান্য করে ওই পদে ভোট গ্রহণের চেষ্টা করা হলে তা সরাসরি আদালত অবমাননা হিসেবে গণ্য হবে। আমরা আগামীকালই হাইকোর্টে কনটেম্পট পিটিশন দায়ের করব এবং দায়ীদের শাস্তির আওতায় আনার দাবি জানাব।” তিনি আরও বলেন, “রিহ্যাবের মতো একটি মর্যাদাপূর্ণ সংগঠনের নির্বাচনে আইনের শাসন নিশ্চিত করা জরুরি।”
বাণিজ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপ দাবি:
তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, “মন্ত্রণালয় যেন অবিলম্বে রিহ্যাব নির্বাচন কমিশনকে হাইকোর্টের আদেশ বাস্তবায়নের নির্দেশ দেয় এবং আমাকে বিজয়ী ঘোষণার প্রক্রিয়া সম্পন্ন করে।”
মোরশেদুল হাসানের মেয়াদ তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়, মোহাম্মদ মোরশেদুল হাসান রিহ্যাব চট্টগ্রাম অঞ্চলে তিন মেয়াদে দায়িত্ব পালন করেছেন— ২০১৮–২০২০ (১ম), ২০২১–২০২৩ (২য়), ২০২৪–২০২৬ (৩য়)। বিধিমালা অনুযায়ী তিনি নতুন মেয়াদে প্রার্থী হওয়ার যোগ্য নন—যা হাইকোর্টের রায়েও প্রতিফলিত হয়েছে।
রিহ্যাব নির্বাচন নিয়ে অনিশ্চয়তা রিহ্যাবের সাধারণ সদস্য ও ব্যবসায়ী নেতারা কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের প্রশ্ন—আদালতের সুস্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও কেন তা বাস্তবায়ন করা হচ্ছে না।
বর্তমান পরিস্থিতিতে নির্বাচন একটি স্পষ্ট আইনি ও প্রশাসনিক সংকটে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আদালতের নির্দেশ বাস্তবায়ন হলে সংকট নিরসন সম্ভব, অন্যথায় আইনি জটিলতা আরও বাড়তে পারে।
বাংলাদেশের ব্যবসায়ী সমাজ এখন তাকিয়ে আছে বাণিজ্য মন্ত্রণালয় ও রিহ্যাব নির্বাচন কমিশনের আগামী পদক্ষেপের দিকে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোহাম্মদ নূর উদ্দিন আহমেদ, প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের নেতৃবৃন্দ, রিহ্যাবের সদস্য এবং সংশ্লিষ্ট আইনজীবীরা।
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, ‘শিক্ষা প্রতি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited