শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০১:০৫ পিএম, ২০২৫-০৬-২১
ধন-সম্পদ মহান আল্লাহর নিয়ামত। মানুষের উচিত সেই নিয়ামতের শোকর করা এবং তা মহান আল্লাহর নির্দেশিত পদ্ধতিতে পরিচালনা করা।
আল্লাহর ঠিক করা নিয়মের বাইরে গিয়ে ধন-সম্পদ থেকে উপকৃত হওয়া যায় না। যেমন অনেকেই আছে ধন-সম্পদ ধরে রাখার জন্য কৃপণতা করে।
অথচ এটা মহান আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত একটি কাজ। পবিত্র কোরআনে কৃপণতা ও কৃপণতায় উৎসাহ দেওয়াকে মুনাফিকের কাজ বলে আখ্যা দেওয়া হয়েছে। ইরশাদ হয়েছে, ‘মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীরা একে অপরের অংশ, তারা মন্দ কাজের আদেশ দেয়, আর ভালো কাজ থেকে নিষেধ করে, তারা নিজেদের হাতগুলো সংকুচিত করে রাখে। তারা আল্লাহকে ভুলে গেছে, ফলে তিনিও তাদের ছেড়ে দিয়েছেন, নিশ্চয়ই মুনাফিকরা হচ্ছে ফাসিক। ’ (সুরা : তাওবা, আয়াত : ৬৭)
কৃপণতা মানুষকে অন্ধ করে দেয়। ফলে তারা নিজেদের অজান্তে ধ্বংসের দিকে এগিয়ে যায়। কৃপণতা পূর্ববর্তী অনেক জাতির ধ্বংসের কারণ হয়েছে। তাই রাসুল (সা.) স্বীয় উম্মতদের এই অভ্যাস ত্যাগ করার তাগিদ দিয়েছেন।
একদা রাসুল (সা.) ভাষণ দেন এবং বলেন, ‘তোমরা কৃপণতার ব্যাপারে সাবধান হও। কেননা তোমাদের পূর্ববর্তীরা কৃপণতার কারণে ধ্বংস হয়েছে। অর্থলোভ তাদের কৃপণতার নির্দেশ দিয়েছে, ফলে তারা কৃপণতা করেছে, তাদের আত্মীয়তা ছিন্ন করার নির্দেশ দিয়েছে, তখন তারা তা-ই করেছে এবং তাদের পাপাচারে প্ররোচিত করেছে, তখন তারা তাতে লিপ্ত হয়েছে। ’
(আবু দাউদ, হাদিস : ১৬৯৮)।
শুধু ইহকালীন শাস্তিই নয়, কৃপণতার পরকালীন শাস্তিও ভয়াবহ।
পবিত্র কোরআনে মহান আল্লাহ নিজেই সেই শাস্তির কিঞ্চিত বিবরণ দিয়েছেন। ইরশাদ হয়েছে, ‘হে ঈমানদাররা, নিশ্চয়ই পণ্ডিত ও সংসার বিরাগীদের অনেকেই মানুষের ধন-সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, আর তারা আল্লাহর পথে বাধা দেয় এবং যারা সোনা ও রুপা পুঞ্জীভূত করে রাখে, আর তা আল্লাহর রাস্তায় খরচ করে না, তুমি তাদের বেদনাদায়ক আজাবের সুসংবাদ দাও। যেদিন জাহান্নামের আগুনে তা গরম করা হবে, অতঃপর তা দ্বারা তাদের কপালে, পার্শ্বে এবং পিঠে সেঁক দেওয়া হবে। (আর বলা হবে) এটা তা-ই, যা তোমরা নিজদের জন্য জমা করে রেখেছিলে, সুতরাং তোমরা যা জমা করেছিলে তার স্বাদ উপভোগ করো। ’ (সুরা : তাওবা, আয়াত : ৩৪-৩৫)
অন্য আয়াতে ইরশাদ হয়েছে, ‘আল্লাহ নিজ অনুগ্রহে যা তাদেরকে দিয়েছেন তাতে যারা কৃপণতা করে, তারা যেন মনে না করে যে তা তাদের জন্য কল্যাণকর, বরং তা তাদের জন্য (খুবই) অকল্যাণকর, তারা যাতে কৃপণতা করেছে, সত্বর কিয়ামতের দিন তারই বেড়ি তাদের গলায় পরিয়ে দেওয়া হবে। আসমান ও জমিনের স্বত্বাধিকার কেবল আল্লাহরই। তোমরা যা কিছুই করছ আল্লাহ সে সম্পর্কে পূর্ণরূপে অবহিত। ’ (সুরা : আলে ইমরান, আয়াত : ১৮০)
আবু হুরায়রা বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যাকে আল্লাহ সম্পদ দান করেছেন, কিন্তু সে এর জাকাত আদায় করেনি, কিয়ামতের দিন তার সম্পদকে টেকো (বিষের তীব্রতার কারণে) মাথাবিশিষ্ট বিষধর সাপের আকৃতি দান করে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। সাপটি তার মুখের দুই পার্শ্ব কামড়ে ধরে বলবে, ‘আমি তোমার সম্পদ, আমি তোমার জমাকৃত অর্থ। ’ অতঃপর আল্লাহর রাসুল (সা.) সুরা আলে ইমরানের ১৮০ নম্বর আয়াতটি তিলাওয়াত করেন। (বুখারি, হাদিস : ১৪০৩)
তাই আমাদের উচিত খরচে মধ্যপন্থা অবলম্বন করা। এত কম খরচ না করা যে তা কৃপণতার পর্যায়ে চলে যায়, আবার এত বেশি খরচ না করা যে তা অপব্যয়ের পর্যায়ে চলে যায়। এটাই মহান আল্লাহর আদেশ। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, ‘আর তুমি তোমার হাত তোমার ঘাড়ে আবদ্ধ রেখো না এবং তা পুরোপুরি প্রসারিত কোরো না, তাহলে তুমি নিন্দিত ও নিঃস্ব হয়ে বসে পড়বে। ’ (সুরা : বনি ইসরাঈল, আয়াত : ২৯)
মহান আল্লাহ সবাইকে কোরআনের নির্দেশনাগুলো অনুযায়ী জীবন গড়ার তাওফিক দান করুন।
আমাদের বাংলা ডেস্ক : : মানুষের প্রকৃত চরিত্র প্রকাশ পায় তার নিজের পরিবারের সঙ্গে আচরণে। বাইরের মানুষের কাছে ভদ্র ও হাস...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মানুষ সাধারণত মনে করে, কিয়ামতের দিন সবচেয়ে ভারী আমল হবে বেশি বেশি নফল নামাজ, রোজা বা দান-সদকা। নিঃ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : জীবন পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক। এখানে প্রতিটি সম্পর্ক একটি পাঠ, প্রতিটি কষ্ট একটি উপলব্ধি, প্রতি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মানুষের সমাজে কেউ ধন-সম্পদ, ক্ষমতা বা খ্যাতির কারণে সম্মানিত হয়, আবার কেউ নীরবে ও অপ্রকাশ্যে জীবন য...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আল্লাহ মহানবী (সা.)-কে অনন্য সম্মান ও মর্যাদার অধিকারী করেছিলেন। তিনি তাঁকে এমন অনেক মর্যাদা দান কর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত এখন সৌদি আরবের আরাফার ময়দান। হজের সবচেয়ে গুরুত্বপ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited