বাংলাদেশ   রবিবার, ১৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

ঘুষের গায়ে গিফটের জামা, দুর্নীতির মুখে সৌজন্যের হাসি!

শব্দের আড়ালে দুর্নীতির এক অভিনব ভদ্রসভ্যতা

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৫:২২ পিএম, ২০২৬-১১-১৪

ঘুষের গায়ে গিফটের জামা, দুর্নীতির মুখে সৌজন্যের হাসি!

মোঃ তারেকুল ইসলাম:
বাংলা ভাষা বড়ই বিচিত্র! এ ভাষায় একই কাজের নাম একটু বদলে দিলেই তার চরিত্র বদলে যায়, বদলে যায় সামাজিক মর্যাদাও। যেমন, কেউ টাকা চুরি করলে সে চোর। কিন্তু বড় অঙ্কের সরকারি অর্থ আত্মসাৎ করলে সেটি হয়ে যায় ‘আর্থিক অনিয়ম’। সাধারণ মানুষ মিথ্যা বললে মিথ্যাবাদী, আর গুরুত্বপূর্ণ পদে বসে মিথ্যা বললে তিনি হয়ে যান ‘কৌশলী বক্তব্যের অধিকারী’। তেমনি কেউ ঘুষ নিলে দুর্নীতিবাজ, আর সেই ঘুষের নাম যদি ‘গিফট’ বা ‘উপহার’ রাখা যায়, তাহলে তিনি হয়ে ওঠেন ভদ্র, মার্জিত, সংস্কৃতিমনা এবং উপহারপ্রিয় মানুষ!
আসলে আমাদের সমাজে দুর্নীতির চেয়ে দুর্নীতির নামকরণ অনেক বেশি গুরুত্বপূর্ণ। কাজটা কী, তার চেয়ে বড় কথা—কাজটাকে কী নামে ডাকা হচ্ছে!
একসময় ঘুষ ছিল লজ্জার বিষয়। ঘুষদাতা লজ্জা পেতেন, ঘুষগ্রহীতা আরও বেশি লজ্জা পেতেন। তাই পুরো লেনদেনটি হতো গোপনে, আড়ালে-আবডালে। কিন্তু সময় বদলেছে, সভ্যতা এগিয়েছে, মানুষের রুচির উন্নতি হয়েছে। ঘুষের গায়ে এখন নতুন জামা উঠেছে। তার নাম দেওয়া হয়েছে ‘গিফট’।
ঘুষ বাংলা শব্দ, গিফট ইংরেজি। আর বাঙালির ইংরেজিপ্রীতি এমনই যে ইংরেজি শব্দের জাদুতে অনেক পাপও মুহূর্তে পুণ্যের মর্যাদা পেয়ে যায়।
ধরা যাক, একজন ভদ্রলোক বুক ফুলিয়ে বললেন,
—আমি জীবনে কারও কাছ থেকে ঘুষ নিইনি।
প্রশ্ন করা হলো,
—তাহলে আপনার বাড়ির সামনে তিনটি বিলাসবহুল গাড়ি কেন?
—ওগুলো গিফট।
—পাঁচতলা বাড়িটা?
—ভালোবাসার নিদর্শন।
—বিদেশে ছেলেমেয়ের পড়াশোনার খরচ?
—শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা।
—ব্যাংকে কয়েকশ কোটি টাকা?
—মানুষের দোয়া!
বোঝা গেল, ভদ্রলোক ঘুষ খান না। তিনি শুধু ভালোবাসা, সহযোগিতা, শুভেচ্ছা আর দোয়া গ্রহণ করেন। তবে তাঁর দোয়ার পরিমাণ এত বেশি যে তা রাখার জন্য ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন হয়!
ঘুষ আর গিফটের মধ্যে নাকি কিছু পার্থক্যও আছে। ঘুষ সাধারণত কাজ হওয়ার আগে দেওয়া হয়, আর গিফট দেওয়া হয় কাজ হওয়ার পরে। তবে আধুনিক ব্যবস্থায় এই নিয়মও বদলে গেছে। এখন আগাম গিফট দেওয়া হয়, যাতে পরবর্তী সময়ে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ সৃষ্টি হয়। অর্থাৎ আগে উপহার, পরে উপকার। একে বলা যেতে পারে আগাম সৌজন্য বিনিয়োগ।
আমাদের দেশে একজন অত্যন্ত নীতিবান কর্মকর্তা আছেন। নাম ধরা যাক, ‘নীতিবান সাহেব’। তিনি প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে শপথ করেন, ‘আমি ঘুষের বিরুদ্ধে আপসহীন।’
তাঁর অফিসের দরজায় বড় করে লেখা—
‘ঘুষ দেওয়া ও নেওয়া দণ্ডনীয় অপরাধ।’
তবে নিচে ছোট অক্ষরে কেউ একজন লিখে রেখেছে—
‘উপহার গ্রহণের বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।’
একদিন এক ঠিকাদার তাঁর কাছে এলেন।
—স্যার, আপনার জন্য ছোট্ট একটা উপহার এনেছি।
—কী আছে?
—সামান্য একটা আংটি।
—দাম কত?
—মাত্র দশ লাখ টাকা।
—দশ লাখ টাকার আংটি আবার সামান্য হয় কী করে?
ঠিকাদার বিনয়ের সঙ্গে বললেন,
—স্যার, আপনার মূল্যবান সময়ের তুলনায় এটা কিছুই না।
এমন গভীর দর্শন শুনে নীতিবান সাহেব অভিভূত হলেন। বিশ্ববিদ্যালয়জীবনেও এমন যুক্তি শোনেননি। আংটিটি গ্রহণ করে বললেন,
—আমি ব্যক্তিগতভাবে উপহার নেওয়ার বিরোধী। তবে আপনার অনুভূতিতে আঘাত দিতে চাই না।
আমাদের সমাজে অনুভূতি অত্যন্ত মূল্যবান জিনিস। কারও অনুভূতিতে আঘাত দেওয়া যায় না। বিশেষ করে অনুভূতিটি যদি দামি বাক্সে মোড়ানো থাকে!
একসময় উপহার বলতে বোঝাত বই, ফুল, মিষ্টি কিংবা একটি কলম। এখন উপহার বলতে বোঝায় ফ্ল্যাট, গাড়ি, বিদেশভ্রমণ, দামি ঘড়ি, এমনকি ব্যবসাপ্রতিষ্ঠানের শেয়ারও। সভ্যতা যত এগিয়েছে, উপহারের ওজন তত বেড়েছে।
আগে মানুষ ভালোবেসে গোলাপ দিত। এখন ভালোবেসে প্লট দেয়। গোলাপ শুকিয়ে যায়, কিন্তু প্লটের দাম বাড়ে। কাজেই আধুনিক ভালোবাসা আগের চেয়ে অনেক বেশি টেকসই!
বাঙালি ঘুষকে শুধু আধুনিক করেনি, আধ্যাত্মিকও করেছে।
এক অফিসে এক ব্যক্তি ফাইল নিয়ে মাসের পর মাস ঘুরছেন। কোনো কাজ হচ্ছে না। অবশেষে এক অভিজ্ঞ ব্যক্তি তাঁকে পরামর্শ দিলেন,
—আপনার ফাইলটায় একটু বরকত দিন।
ভদ্রলোক অবাক হয়ে বললেন,
—বরকত কীভাবে দেব?
—খামের মধ্যে কিছু রাখুন।
—কী রাখব?
—যা রাখলে ফাইলের গতি বাড়ে!
ভদ্রলোক পরদিন একটি খামে কিছু টাকা ভরে দিলেন। আশ্চর্য! এত দিন যে ফাইলটি মৃত মানুষের মতো পড়ে ছিল, সেটি মুহূর্তে জীবিত হয়ে উঠল। এক টেবিল থেকে আরেক টেবিলে দৌড়াতে লাগল। মনে হলো, ফাইলটির শরীরে নতুন প্রাণ সঞ্চার হয়েছে।
তিনি বুঝলেন, অফিসের ফাইলেরও প্রাণ আছে। শুধু সেই প্রাণ জাগিয়ে তুলতে বিশেষ ভিটামিনের প্রয়োজন!
পৃথিবীতে নানা ধরনের জ্বালানি আছে—পেট্রল, ডিজেল, গ্যাস, বিদ্যুৎ। আমাদের কিছু অফিসে আরেক ধরনের জ্বালানি আবিষ্কৃত হয়েছে। নাম তার ‘উৎকোচ শক্তি’।
এই শক্তিতে গাড়ি চলে না, কিন্তু ফাইল চলে। সিঁড়ি দিয়ে মানুষ ওঠে না, কিন্তু সিদ্ধান্ত ওপরে ওঠে। কাগজে সই হয়, অনুমোদন আসে, বন্ধ দরজা খুলে যায়। এমনকি বছরের পর বছর আটকে থাকা কাজও রাতারাতি গতিশীল হয়ে ওঠে।
এই জ্বালানির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এটি পরিবেশবান্ধব না হলেও পরিবেশকে নীরব রাখতে পারে!
তাই মনে হয়, বাংলা একাডেমির উচিত ঘুষ ও গিফট নিয়ে একটি নতুন অভিধান প্রকাশ করা। সেখানে শব্দগুলোর অর্থও যুগোপযোগী করে দেওয়া যেতে পারে।
যেমন—
ঘুষ: গরিব মানুষের দেওয়া অবৈধ অর্থ।
গিফট: ধনী মানুষের দেওয়া সম্মানসূচক সামগ্রী।
সম্মানী: কাজের চেয়ে সম্পর্ককে গুরুত্ব দেওয়ার আর্থিক স্বীকৃতি।
সৌজন্য উপহার: যে উপহার গ্রহণের পর সংশ্লিষ্ট ব্যক্তির সিদ্ধান্ত আশ্চর্যজনকভাবে বদলে যায়।
শুভেচ্ছা: কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে করা আর্থিক বিনিয়োগ।
কৃতজ্ঞতা: কাজ হয়ে যাওয়ার পর দেওয়া চূড়ান্ত কিস্তি।
বিশেষ বিবেচনা: নিয়ম সবার জন্য সমান হলেও কারও কারও জন্য নিয়মের ব্যতিক্রম রাখার মহৎ ব্যবস্থা।
অবশ্য এই অভিধান প্রকাশের আগে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতে হবে। তবে কমিটির সদস্য নির্বাচন নিয়ে কিছুটা জটিলতা দেখা দিতে পারে। কারণ উপহার গ্রহণের বিষয়ে যাঁদের অভিজ্ঞতা সবচেয়ে বেশি, তাঁদের অনেকেই নিজেদের অভিজ্ঞতা প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন না!
বাংলা ব্যঙ্গসাহিত্যের কথা উঠলে আবুল মনসুর আহমদের নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হয়। তাঁর ‘আয়না’ ও ‘ফুড কনফারেন্স’ সমাজের ভণ্ডামি, সুবিধাবাদী নেতৃত্ব এবং মানুষের দুর্দশাকে পুঁজি করে স্বার্থ হাসিলের প্রবণতাকে অসাধারণ দক্ষতায় উন্মোচন করেছে।
বিশেষ করে ‘ফুড কনফারেন্স’, ‘রিলিফ ওয়ার্ক’ ও ‘লঙ্গরখানা’ গল্পে অসহায় মানুষের জন্য নেওয়া উদ্যোগ কীভাবে স্বার্থপরতা, লোকদেখানো কর্মকাণ্ড এবং ব্যক্তিগত সুবিধা আদায়ের হাতিয়ারে পরিণত হতে পারে, তার তীক্ষ্ণ ব্যঙ্গ ফুটে উঠেছে।
আজ আবুল মনসুর আহমদ বেঁচে থাকলে হয়তো দেখতেন, পুরোনো ভণ্ডামি এখন ডিজিটাল হয়েছে। আগে মানুষ দুর্নীতি ঢাকতে পর্দা ব্যবহার করত, এখন ব্যবহার করে ইংরেজি শব্দ। আগে ঘুষের খাম ছিল, এখন আছে উপহারের প্যাকেট। আগে তদবির ছিল, এখন হয়েছে নেটওয়ার্কিং। আগে স্বজনপ্রীতি ছিল, এখন হয়েছে আস্থাভাজনদের অগ্রাধিকার।
আবুল মনসুর আহমদের মতো ব্যঙ্গকাররা সমাজের সামনে আয়না ধরেছিলেন। আমাদের বর্তমান সমস্যা হলো, আয়নায় নিজের মুখ দেখে আমরা আর লজ্জা পাই না; বরং আয়নাটির দাম জানতে চাই। দাম ভালো হলে আয়নাটিও গিফট হিসেবে গ্রহণ করতে আমাদের আপত্তি থাকে না!
মনে রাখতে হবে, আসহাবউদ্দীন আহমদও ‘ঘুষ’ নামে একটি বই লিখেছিলেন, প্রকাশকাল ১৯৮৬। আজ তাঁর সেই বইয়ের কথাও বড় বেশি মনে পড়ে। মনে হয়, সময় বদলেছে, কিন্তু ঘুষের চরিত্র বদলায়নি; বদলেছে শুধু তার পোশাক ও পরিচয়।
ঘুষের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো, এটি সমাজে শ্রেণিবৈষম্যকে আরও প্রকট করে তোলে।
একজন দরিদ্র মানুষ অফিসে গিয়ে পাঁচশ টাকা দিলে সেটা ঘুষ। একজন বিত্তবান ব্যক্তি দামি গাড়ি উপহার দিলে সেটা সৌজন্য। দরিদ্র লোকটি ধরা পড়লে পুলিশ আসে, ধনী লোকটি উপহার দিলে ফটোগ্রাফার আসে। প্রথমজনের বিরুদ্ধে মামলা হয়, দ্বিতীয়জনের ছবি পত্রিকায় ছাপা হয়।
একজনের টাকার নাম অবৈধ লেনদেন, অন্যজনের টাকার নাম সম্পর্কোন্নয়ন!
এ কারণেই হয়তো বলা হয়, অর্থই অনর্থের মূল। তবে অর্থ যথেষ্ট পরিমাণে থাকলে অনেক অনর্থকেও অর্থপূর্ণ করে তোলা যায়!
এক বন্ধু একদিন বললেন,
—ঘুষেরও একটা নৈতিক সীমা থাকা উচিত।
আমি জানতে চাইলাম,
—নৈতিক সীমা আবার কী?
তিনি বললেন,
—যে পরিমাণ ঘুষ গ্রহণ করলে বিবেক অস্বস্তি বোধ করে, তার বেশি গ্রহণ করা উচিত নয়।
আমি বললাম,
—তাহলে বড় বড় গিফট?
বন্ধু মুচকি হেসে বললেন,
—তাঁদের বিবেকের ধারণক্ষমতা একটু বেশি!
বোঝা গেল, মানুষের হৃদয় যেমন বড় হয়, বিবেকও তেমনি সম্প্রসারণশীল। কারও বিবেকে পাঁচশ টাকা ধরে না, আবার কারও বিবেকে পাঁচ কোটি টাকা অনায়াসে জায়গা করে নেয়!
আমরা আসলে এক আশ্চর্য যুগে বাস করছি। এ যুগে মানুষের চরিত্র বদলানোর চেয়ে শব্দ বদলানো অনেক সহজ। ঘুষের নাম গিফট, তদবিরের নাম সুপারিশ, স্বজনপ্রীতির নাম আস্থা, প্রভাব খাটানোর নাম যোগাযোগ, আর অন্যায় সুবিধার নাম বিশেষ বিবেচনা।
শব্দের এই মহাবিপ্লবের ফলে একদিন হয়তো অভিধান থেকে ঘুষ শব্দটি সত্যিই বিলুপ্ত হয়ে যাবে। তবে বাস্তব জীবন থেকে ঘুষ বিলুপ্ত হবে কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা কঠিন!
একদিন হয়তো সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে—
‘দেশ এখন সম্পূর্ণ ঘুষমুক্ত!’
সাংবাদিকেরা বিস্মিত হয়ে জানতে চাইবেন,
—কীভাবে সম্ভব হলো?
কর্তা মহোদয় গর্বের সঙ্গে বলবেন,
—আমরা ঘুষ শব্দটি ব্যবহার নিষিদ্ধ করেছি। এখন সবাই গিফট গ্রহণ করেন। দেশে আর কোনো ঘুষখোর নেই, সবাই উপহারপ্রিয় নাগরিক!
সেদিন জাতীয় পর্যায়ে উদ্‌যাপিত হবে ‘ঘুষমুক্ত দিবস’। অনুষ্ঠানে প্রধান অতিথিকে দেওয়া হবে একটি বিলাসবহুল গাড়ি, সভাপতিকে একটি ফ্ল্যাট, বিশেষ অতিথিদের জন্য থাকবে দামি ঘড়ি ও বিদেশভ্রমণের টিকিট।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে একজন সাংবাদিক প্রশ্ন করবেন,
—স্যার, এত উপহার দেওয়ার কারণ কী?
কর্তা মহোদয় মুচকি হেসে বলবেন,
—এটা কোনো ঘুষ নয়, নিছক সৌজন্য!
সাংবাদিক আবার প্রশ্ন করবেন,
—তাহলে এসব উপহার গ্রহণের বিনিময়ে কোনো বিশেষ সুবিধা দেওয়া হবে কি?
কর্তা মহোদয় এবার একটু বিরক্ত হয়ে বলবেন,
—আপনারা সাংবাদিকেরা সবকিছুতেই দুর্নীতি খুঁজে পান কেন? মানুষের ভালোবাসা, সৌজন্য আর অনুভূতির কি কোনো মূল্য নেই?
সত্যিই তো! ভালোবাসার মূল্য আছে, সৌজন্যের মূল্য আছে, অনুভূতির মূল্য আছে। শুধু সাধারণ মানুষের ন্যায়বিচার আর সততার মূল্যটাই দিন দিন কমে যাচ্ছে।
শেষ কথা হলো, আমাদের সমাজে দুর্নীতি হয়তো একদিন শেষ হবে না, কিন্তু তার নাম বদলাতে বদলাতে একসময় এমন জায়গায় পৌঁছাবে, যেখানে ঘুষখোর বলে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। সবাই তখন গিফটপ্রাপ্ত, সৌজন্যপুষ্ট ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত সৎ মানুষ!
আর দুর্নীতির বিরুদ্ধে লেখা প্রতিবাদী কলামটিও হয়তো একদিন সংশ্লিষ্ট মহলের সৌজন্যে প্রকাশিত হবে—একটি দামি উপহার গ্রহণের পর!
কারণ এ দেশে ঘুষের চেয়ে বড় অপরাধ হলো ঘুষকে ঘুষ বলা!

রিটেলেড নিউজ

প্রবাসীরাও মানুষ, প্রবাসীদের গুরুত্ব দিন

প্রবাসীরাও মানুষ, প্রবাসীদের গুরুত্ব দিন

আমাদের বাংলা ডেস্ক : : মাহাবুব রহমান দুর্জয় একজন প্রবাসীর অশ্রুসিক্ত জীবন, অব্যক্ত বেদনা, নিঃসঙ্গতা ও করুণ পরিণতির এক নি...বিস্তারিত


মিজানুর রহমান চৌধুরী- আপসহীন সাংবাদিকতার এক অনির্বাণ প্রদীপ, সত্যের পক্ষে আজীবন এক নির্ভীক যোদ্ধা

মিজানুর রহমান চৌধুরী- আপসহীন সাংবাদিকতার এক অনির্বাণ প্রদীপ, সত্যের পক্ষে আজীবন এক নির্ভীক যোদ্ধা

আমাদের বাংলা ডেস্ক : : মো. কামাল উদ্দিন : চারটি পত্রিকার সম্পাদক ও প্রকাশক, ‘লাভ বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা—এক সংগ্রাম...বিস্তারিত


বেতন বাড়িয়ে বিপদে সরকার

বেতন বাড়িয়ে বিপদে সরকার

আবদুল্লাহ মজুমদার : : মাসের শেষ দিকে সংসারের খরচ মেলাতে গিয়ে অনেক সরকারি কর্মচারীকেই হিমশিম খেতে হয়। বাড়িভাড়া, সন্তানদà§...বিস্তারিত


মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আà...বিস্তারিত


সাংবাদিকতার শৃঙ্খলা চাই, সাংবাদিকের জীবিকার নিশ্চয়তা কোথায়?

সাংবাদিকতার শৃঙ্খলা চাই, সাংবাদিকের জীবিকার নিশ্চয়তা কোথায়?

আবদুল্লাহ মজুমদার : : সকালে সংবাদ সংগ্রহে বের হন একজন সাংবাদিক। মানুষের কথা, সমাজের সংকট আর অনিয়ম-অসংগতি তুলে ধরাই তাঁর à¦...বিস্তারিত


সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

মো. আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর