শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:৫২ পিএম, ২০২৬-১১-১৯
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার করা মামলায় রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে কি না, সে বিষয়ে রায় ঘোষণা করছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত। নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) বৃহস্পতিবার এই রায় ঘোষণা করছে। এক দশকেরও বেশি সময়ের মধ্যে কোনো গণহত্যা মামলার মূল বিষয়ের ওপর আইসিজে প্রথম রায় দিতে যাচ্ছেন।
আইন বিশেষজ্ঞরা বলেছেন, এই রায় গাজায় গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার চলমান মামলায় প্রভাব ফেলতে পারে। যদিও গাজায় গণহত্যা চালানোর অভিযোগ অস্বীকার করছে ইসরায়েল।
গাম্বিয়া বলেছে, ২০১৭ সালের সামরিক দমন-পীড়নের সময় মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিল; যার ফলে কয়েক লাখ মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়। অন্যদিকে মিয়ানমার বলেছে, তারা আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) যোদ্ধাদের পুলিশ ফাঁড়িতে হামলার জবাব দিচ্ছিল।
• মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে কী ঘটেছিল?
রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরসার যোদ্ধাদের পুলিশ ফাঁড়িতে হামলার পর মিয়ানমারের সেনাবাহিনী ২০১৬ সালের অক্টোবরে রাখাইন রাজ্যে ‘ক্লিয়ারেন্স অপারেশন’ শুরু করে এবং ২০১৭ সালের আগস্টে বৃহৎ পরিসরে অভিযান চালায়। জাতিসংঘের হিসাব অনুযায়ী, এতে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত এবং ৭ লাখ ৪০ হাজার মানুষ বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হন।
জাতিসংঘের তদন্তকারীরা দেখেছেন, সৈন্যরা শত শত গ্রাম পুড়িয়ে দিয়েছে, ব্যাপক হত্যাকাণ্ড চালিয়েছে এবং রোহিঙ্গা নারী, কিশোরীদের নিয়মিত ধর্ষণ ও গণধর্ষণ করেছে। এই যৌন সহিংসতা গণহত্যার উদ্দেশ্যের ইঙ্গিত দেয় বলে তদন্তকারীরা জানিয়েছেন।
সহিংসতার পর দায়ের করা মাত্র দুটি মামলায় সামরিক বাহিনী কয়েকজন সৈন্যকে দোষী সাব্যস্ত করার ঘোষণা দেয়। তবে একটি মামলায় ইন দিন গ্রামে ১০ জন রোহিঙ্গা পুরুষ ও কিশোরকে হত্যার দায়ে কারাদণ্ডপ্রাপ্ত সাতজন সৈন্যকে ১০ বছরের সাজা ভোগের মেয়াদ এক বছর পূর্ণ হওয়ার আগেই মুক্তি দেওয়া হয়।
এই দমন-পীড়নের অনেক আগেই, মিয়ানমার ১৯৮২ সালে স্বীকৃত ১৩৫টি জাতিগোষ্ঠীর তালিকা থেকে রোহিঙ্গাদের বাদ দেয় এবং অনেক পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে মিয়ানমারে বসবাস করা সত্ত্বেও তাদের ‘অভিবাসী বাঙালি’ হিসেবে অভিহিত করে। এরপর থেকেই প্রায় সব রোহিঙ্গাকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হয়েছে। যে কারণে এই রোহিঙ্গারা বিশ্বের বৃহত্তম রাষ্ট্রহীন জনগোষ্ঠীতে পরিণত হয়েছেন।
২০২৩ সালে সেনাবাহিনীর সঙ্গে লড়াই পুনরায় শুরু হওয়ার পর থেকে আরাকান আর্মি নামের একটি জাতিগত রাখাইন সশস্ত্র গোষ্ঠী রাজ্যটির বেশির ভাগ অংশ দখল করে নেয়। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় গত আগস্টে বলেছে, উভয় বাহিনীই রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক ও পদ্ধতিগত নির্যাতন চালিয়েছে। এ সময় আরাকান আর্মির বিরুদ্ধে নির্যাতন, যৌন সহিংসতা এবং জোরপূর্বক নিয়োগের অভিযোগ করা হয়।
জাতিসংঘ বলেছে, এসব নির্যাতনের কারণে ২০২৪ সালের শুরু থেকে ১ লাখ ৫৫ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছেন। এ নিয়ে বাংলাদেশে পৌঁছানো শরণার্থীর সংখ্যা বেড়ে প্রায় ১২ লাখে দাঁড়িয়েছে।
প্রায় সব শরণার্থীই কক্সবাজার জেলার ছোট জনাকীর্ণ শিবিরগুলোতে বসবাস করেন; যেখানে তারা আন্তর্জাতিক সাহায্যের ওপর নির্ভরশীল। গত কয়েক বছরে এই সাহায্য ব্যাপকভাবে কমে গেছে; বিশেষ করে ২০২৫ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বৈদেশিক সাহায্য কমিয়ে দেওয়ার পর থেকে।
বেশির ভাগ শরণার্থী এখন কম খাদ্য রেশন পাচ্ছেন এবং অনেক শিবিরের স্কুল বন্ধ হয়ে গেছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার সতর্ক করে বলেছেন, সাম্প্রতিক সময়ে আসা রোহিঙ্গাদের পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবার অভাব রয়েছে।
• মিয়ানমারকে আইসিজেতে কেন নেয় গাম্বিয়া?
গাম্বিয়া বলছে, রোহিঙ্গাদের ওপর দশকের পর দশক ধরে চলা নিপীড়নের পর তারা এই মামলাটি দায়ের করেছে; যার চূড়ান্ত রূপ ছিল ২০১৭ সালের অভিযান। সেই অভিযানে ১৯৪৮ সালের গণহত্যা সনদের লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ করেছে আফ্রিকার এই দেশটি।
২৫ লাখ জনসংখ্যার মুসলিম সংখ্যাগরিষ্ঠ গাম্বিয়া ২০১৯ সালের নভেম্বরে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ৫৭টি সদস্যরাষ্ট্রের পক্ষে এই মামলা দায়ের করে। মামলাটি পরিচালনা করেন গাম্বিয়ার তৎকালীন অ্যাটর্নি জেনারেল ও বিচারমন্ত্রী আবুবকর তাম্বাদু।
২০২০ সালের জানুয়ারিতে আদালত মিয়ানমারকে গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধে জরুরি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
মিয়ানমার শুরুতে বলেছিল, যেহেতু গাম্বিয়া এই সংঘাতে সরাসরি জড়িত নয়; তাই তারা মামলা করতে পারে না। কিন্তু ২০২২ সালে বিচারকরা রায় দেন, গাম্বিয়ার মামলা করার অধিকার রয়েছে। কারণ উভয় দেশই ওই সনদের পক্ষভুক্ত এবং এর আওতায় সব স্বাক্ষরকারী দেশ গণহত্যা প্রতিরোধ ও দণ্ড প্রদানে বাধ্য।
এরপর চলতি বছরের জানুয়ারিতে মামলাটির মূল বিষয়ের ওপর শুনানি অনুষ্ঠিত হয় এবং কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্যসহ সাতটি রাষ্ট্র গাম্বিয়ার পক্ষে অবস্থান নেয়।
• আইসিজেকে ঠিক কী বিষয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে?
রাষ্ট্র হিসেবে মিয়ানমার রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে কি না এবং এর মাধ্যমে গণহত্যা অপরাধ প্রতিরোধ ও শাস্তি বিষয়ক ১৯৪৮ সালের সনদ লঙ্ঘন করেছে কি না; সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন আইসিজের বিচারকরা। আইসিজে সাধারণত রাষ্ট্রীয় কর্মকাণ্ডের ওপর রায় প্রদান করে। কোনো সৈন্য কিংবা কমান্ডারের ফৌজদারি অপরাধের বিষয়ে রায় দেয় না আন্তর্জাতিক এই আদালত।
ওই সনদের আওতায়, ‘গণহত্যা’ বলতে এমন সব কর্মকাণ্ডকে বোঝায়; যেমন হত্যা এবং গুরুতর ক্ষতিসাধন, যা কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ কিংবা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে সংঘটিত হয়।
কোনো রাষ্ট্র নৃশংসতা ঘটিয়েছে এমন প্রমাণই যথেষ্ট নয়। আদালতকে দেখবে, সেগুলো একটি গোষ্ঠীকে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্যে চালানো হয়েছিল কি না। এ ধরনের উদ্দেশ্য সরাসরি বিবৃতি বা আদেশের মাধ্যমে দেখানো যেতে পারে অথবা আচরণের ধরন থেকে অনুমান করা যেতে পারে।
গাম্বিয়া বলেছে, মিয়ানমারের আচরণ থেকে গণহত্যার উদ্দেশ্যই একমাত্র যুক্তিসঙ্গত অনুমান। অন্যদিকে মিয়ানমার বলেছে, তারা পুরো রোহিঙ্গা জনগোষ্ঠীকে লক্ষ্যবস্তু না করে রোহিঙ্গা যোদ্ধাদের বিরুদ্ধে আইনসম্মত সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করছিল।
• গণহত্যার রায় রোহিঙ্গাদের জন্য কী অর্থ বহন করবে?
ট্রিনিটি কলেজ ডাবলিনের আন্তর্জাতিক আইনের অধ্যাপক এবং আইসিজের সাবেক আইন কর্মকর্তা মাইকেল বেকার বলেছেন, গণহত্যার একটি রায় রোহিঙ্গারা যে ক্ষতির শিকার হয়েছেন তা আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে। তবে সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার দশ লাখেরও বেশি মানুষের জন্য স্বল্পমেয়াদে এর প্রভাব সামান্যই হতে পারে।
গাম্বিয়া চায়, আদালত মিয়ানমারকে এমন নির্দেশ দেবেন; যাতে বাস্তুচ্যুত রোহিঙ্গারা নিরাপদে তাদের ভূমিতে ফিরতে পারেন, তাদের ক্ষতিপূরণ দেওয়া হয় এবং ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘর ও সম্পত্তি পুনর্নির্মাণ করা হয়।
বেকার আল জাজিরাকে বলেছেন, আদালত এসব দাবি আংশিকভাবে বা সাধারণভাবে আরোপ এবং কীভাবে সেগুলো পালন করা হবে তা নির্ধারণের ভার মিয়ানমারের ওপর ছেড়ে দিতে পারেন।
যারা সন্দিহান যে সরকার সদিচ্ছার সঙ্গে এসব দাবি পূরণ করবে; তাদের কাছে এমন ফলাফল ‘নিশ্চিতভাবেই হতাশাজনক’ হবে বলে তিনি মন্তব্য করেন। বেকার বলেন, ‘‘আইসিজে সুদূরপ্রসারী প্রতিকারের নির্দেশ দিলেও মিয়ানমারের বাস্তব রাজনৈতিক পরিস্থিতি শিগগিরই সেই প্রতিকার বাস্তবায়নের অনুকূলে নয়।’’
তিনি বলেন, এর পরিবর্তে এই রায়কে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টি করার কাজে ব্যবহার করতে হবে। যুক্তরাজ্যের মিডলসেক্স বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইনের অধ্যাপক উইলিয়াম শাবাস বলেছেন, রোহিঙ্গাদের পক্ষ থেকে গাম্বিয়া যেসব ব্যবস্থা চাইছে তা ‘জোরালো’। যদিও সেগুলো নাগরিকত্বের দাবির পর্যায়ে পৌঁছায়নি; যা তাদের রাষ্ট্রহীনতার অবসান ঘটাতে পারত।
শাবাস আল জাজিরাকে বলেন, ‘‘ধরে নেওয়া যাক মিয়ানমার এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করবে। তখনই এটি সত্যিই মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপত্তা, মর্যাদা এবং জীবিকার ওপর উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব ফেলবে।’’
• ভবিষ্যতের গণহত্যা মামলার জন্য এই রায় কী অর্থ বহন করতে পারে?
আইসিজের কাছে বিচারাধীন পাঁচটি গণহত্যা মামলার মধ্যে মিয়ানমারের এই রায়টি হবে প্রথম চূড়ান্ত রায়। বেকার বলেছেন, এই ফলাফল আদালতের দীর্ঘদিনের ‘একমাত্র যুক্তিসঙ্গত অনুমান’ পরীক্ষাটিকে স্পষ্ট করতে পারে। এর অধীনে, অন্য কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা না মিললেই কেবল বিচারকরা আচরণের ধরন থেকে গণহত্যার উদ্দেশ্য অনুমান করেন।
তিনি বলেন, বলকান যুদ্ধ নিয়ে আদালতের দুটি রায়ে এটি অস্পষ্ট থেকে গিয়েছিল যে সশস্ত্র সংঘাতের পাশাপাশি গণহত্যা ঘটেছে বলে গণ্য করা যায় কি না; যা তার মতে ছিল ‘একটি অযৌক্তিক ও মাত্রাতিরিক্ত কঠোর মানদণ্ড’।
বৃহস্পতিবারের রায় গণহত্যার উদ্দেশ্য প্রমাণে স্বয়ংক্রিয় বাধা না হয়ে বরং সশস্ত্র সংঘাতকে কোনো পক্ষের আচরণের একটি বিকল্প ব্যাখ্যা হিসেবে বিবেচনা করতে পারে বলে জানিয়েছেন তিনি। শাবাস বলেছেন, এই রায় বিচারাধীন অন্যান্য মামলার ফলাফলের ওপর ‘খুবই নাটকীয় প্রভাব’ ফেলবে; বিশেষ করে ইসরায়েলের বিরুদ্ধে চলাম মামলার ওপর।
তিনি বলেন, ‘‘আমার মতে, ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলাটি মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার মামলার চেয়ে অনেক বেশি শক্তিশালী। মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়া জিতলে, আমরা আত্মবিশ্বাসী হতে পারি যে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা জয়ী হবে।’’
সূত্র : আল জাজিরা।
আমাদের বাংলা ডেস্ক : : বিশ্বজুড়ে অন্তত ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ খরা, বন্যা ও প্রাণঘাতী তাপদাহের মতো চরম জলবায়ু ঝুঁকির মধà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত
মিলন লস্কর, শিলচর (ভারত) : : মিলন উদ্দিন লস্কর ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য মেঘালয়। নামের অর্থ মেঘের আবাসভূমিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited