শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৫৭ পিএম, ২০২৬-১১-১৯
নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দিতে ছাপা, বাঁধাই ও সরবরাহের কাজ দ্রুত এগোচ্ছে। ২০২৭ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি ও মাধ্যমিক স্তরের ৩০ কোটির বেশি বই ছাপা হচ্ছে। এর মধ্যে প্রাক-প্রাথমিকের সব বইয়ের কাজ শেষ হয়েছে।
প্রাথমিক স্তরের প্রায় ৯৮ শতাংশ বই উপজেলা পর্যায়ে পৌঁছেছে, আর ইবতেদায়ি স্তরের কাজও শেষ পর্যায়ে। তবে সবচেয়ে বেশি বই থাকা মাধ্যমিক স্তরের ৭৭ শতাংশ এখন পর্যন্ত উপজেলায় সরবরাহ করা হয়েছে। অবশিষ্ট বই আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেশের সব উপজেলায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা ঢাকা পোস্টকে বলেন, ‘নির্দিষ্ট রোডম্যাপ অনুযায়ী আমাদের কার্যক্রম এগিয়ে চলছে। ইতোমধ্যে ৯৮ ভাগ প্রাথমিকের বই উপজেলায় পৌঁছে গেছে। মাধ্যমিকের প্রিন্টিং এখন পুরোদমে চলছে। এখন পর্যন্ত ৭৭ শতাংশ মাধ্যমিকের বইও উপজেলায় পৌঁছে গেছে। আশা করছি, ৩০ নভেম্বরের মধ্যেই আমরা শতভাগ বই পৌঁছে দিতে পারব। এটা নিঃসন্দেহে একটি মাইলফলক হয়ে থাকবে।’
এনসিটিবি সূত্রে জানা গেছে, ২০২৭ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি ও মাধ্যমিক এই চার স্তরে মোট ৩০ কোটি ৯২ লাখ ২৮ হাজার ৪৩৯ কপি বই ছাপানোর কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য ছাপা হবে ৮ কোটি ২১ লাখ ৬৭ হাজার ৭৩০ কপি বই। মাদ্রাসার ইবতেদায়ি প্রথম থেকে পঞ্চম শ্রেণির জন্য ৩ কোটি ৩২ লাখ ৯৬ হাজার ৪০০ কপি এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণির জন্য প্রায় ১৮ কোটি বই ছাপানো হবে।
মাধ্যমিক পর্যায়ের মধ্যে নবম শ্রেণির বইয়ের সংখ্যা সবচেয়ে বেশি। এ শ্রেণির জন্য ৫ কোটি ৫৬ লাখ ২৭ হাজার ২৩৫ কপি বই ছাপানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ৯ হাজার ৪ কপি ব্রেইল বই ছাপানো হবে।
এনসিটিবির ১৬ নভেম্বরের হিসাব অনুযায়ী, এই চার স্তরের বই মুদ্রণ, বাঁধাই ও পিডিআই কার্যক্রমের অগ্রগতিতে ভিন্নতা রয়েছে। তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, চার স্তরের মধ্যে প্রাক-প্রাথমিকের বইয়ের কাজ পুরোপুরি শেষ হয়েছে। এ স্তরে মোট ৫৭ লাখ ৩০ হাজার ৬৪০টি পাঠ্যপুস্তক ছাপার পরিকল্পনা রয়েছে। বই মুদ্রণের জন্য প্রয়োজনীয় সব ফর্ম ছাপা হয়েছে। একই সঙ্গে সব বইয়ের বাঁধাই ও পিডিআই কার্যক্রমও শতভাগ সম্পন্ন হয়েছে। ফলে এ স্তরের বই মুদ্রণ ও সরবরাহের প্রস্তুতি শেষ হয়েছে।
প্রাথমিক স্তরে (প্রথম থেকে পঞ্চম শ্রেণি) মোট ৭ কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৯৬টি পাঠ্যপুস্তক ছাপা হচ্ছে। এ স্তরের বই মুদ্রণের জন্য প্রয়োজনীয় ফর্মের ৯৮ দশমিক ৬৩ শতাংশ ছাপা হয়েছে। বাঁধাই সম্পন্ন হয়েছে ৯৮ দশমিক ৪৬ শতাংশ বইয়ের। আর পিডিআই কার্যক্রম শেষ হয়েছে ৯৭ দশমিক ২৮ শতাংশ বইয়ের। এনসিটিবির কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গত ২৯ অক্টোবরের মধ্যেই প্রাথমিক স্তরের প্রায় ৯৮ শতাংশ বই উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে। বাকি বইও দ্রুত পৌঁছে দেওয়ার কাজ চলছে। আগামী ২০ নভেম্বরের মধ্যে এ স্তরের সব বই উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।
মাদ্রাসার ইবতেদায়ি স্তরে (প্রথম থেকে পঞ্চম শ্রেণি) মোট ৪১ লাখ ৬৩ হাজার ৫৭৪টি পাঠ্যপুস্তক ছাপা হচ্ছে। এ স্তরের বই মুদ্রণের জন্য প্রয়োজনীয় ফর্মের ৯৬ দশমিক ৯১ শতাংশ ছাপা হয়েছে। বাঁধাই শেষ হয়েছে ৯৩ দশমিক ৬৭ শতাংশ বইয়ের। আর পিডিআই কার্যক্রম শেষ হয়েছে ৯২ দশমিক ৩৪ শতাংশ বইয়ের। অর্থাৎ এ স্তরের মুদ্রণ, বাঁধাই ও পিডিআইয়ের কাজ ৯০ শতাংশের বেশি শেষ হয়েছে।
অন্যদিকে, সবচেয়ে বেশি সংখ্যক বই ছাপা হচ্ছে মাধ্যমিক স্তরে। ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য মোট ১৭ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ১৮টি পাঠ্যপুস্তক ছাপার পরিকল্পনা রয়েছে। এ স্তরের বই মুদ্রণের জন্য প্রয়োজনীয় ফর্মের ৮২ দশমিক ৩৭ শতাংশ ছাপা হয়েছে। বাঁধাই শেষ হয়েছে ৮০ দশমিক ২১ শতাংশ বইয়ের। আর পিডিআই কার্যক্রম শেষ হয়েছে ৭৭ দশমিক ১২ শতাংশ বইয়ের।
এনসিটিবির চেয়ারম্যানের তথ্য অনুযায়ী, এ স্তরের ৭৭ শতাংশ বই ইতোমধ্যে উপজেলা পর্যায়ে পৌঁছেছে। ফলে সবচেয়ে বেশি বই থাকা এ স্তরের মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের কাজ শেষ করাই এখন বড় চ্যালেঞ্জ।
এনসিটিবি সূত্র জানায়, মাধ্যমিক স্তরের বই মুদ্রণের কাজে একাধিক মুদ্রণপ্রতিষ্ঠান যুক্ত রয়েছে। এর মধ্যে ৪৯টি মুদ্রণপ্রতিষ্ঠান ইতোমধ্যে তাদের নির্ধারিত কাজ শেষ করেছে। সামগ্রিকভাবে এ স্তরের বই মুদ্রণের অগ্রগতি ৮২ শতাংশের বেশি। বাকি বই মুদ্রণ ও বাঁধাই শেষ করে দ্রুত উপজেলা পর্যায়ে পাঠানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রাথমিক স্তরের প্রায় ৯৮ শতাংশ বই গত ২৯ অক্টোবরের মধ্যেই উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে। বাকি বই ২০ নভেম্বরের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ চলছে। অন্যদিকে, মাধ্যমিক স্তরের বই সরবরাহের ক্ষেত্রে ৩০ নভেম্বরকে প্রধান সময়সীমা হিসেবে নির্ধারণ করা হয়েছে। এ সময়ের মধ্যে এ স্তরের ৯০ শতাংশের বেশি বই উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়ার প্রত্যাশা রয়েছে। এরপরও কিছু বই বাকি থাকলে সেগুলো ডিসেম্বরের প্রথমার্ধের মধ্যে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দ্রুতগতিতে বই মুদ্রণ ও বাঁধাইয়ের কাজ চললেও পাঠ্যবইয়ের গুণগত মানের সঙ্গে কোনো ধরনের আপস করা হচ্ছে না বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সচিব অধ্যাপক শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস। ঢাকা পোস্টকে তিনি বলেন, নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সরাসরি কার্যক্রমটি নিবিড়ভাবে তদারকি করছেন। তারা নিয়মিত অগ্রগতি পর্যালোচনা করছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। তাদের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ে বই পৌঁছে দেওয়ার পাশাপাশি গুণগত মান নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। কোনোভাবেই যেন মানহীন বই শিক্ষার্থীদের হাতে না যায়, সে জন্য নিয়মিত পরিদর্শন ও নজরদারি করা হচ্ছে।
তিনি আরও বলেন, আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেশের সব উপজেলায় বই পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। এ লক্ষ্য বাস্তবায়নে এনসিটিবির কর্মকর্তা-কর্মচারীরা সমন্বিতভাবে কাজ করছেন।
নিজস্ব প্রতিবেদক : দেশের সরকারি হাসপাতালগুলোতে কম দামে স্যালাইন সরবরাহের অন্যতম প্রধান প্রতিষ্ঠান ছিল জনস্বাস্থ্য...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার করা মামলায় রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে মিয়ানমার গণহত্য...বিস্তারিত
মো. আরফান উদ্দীন : চট্টগ্রামের মজিদিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার দীর্ঘদিনের শিক্ষক, বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ্ব মাà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বর্তমানে দেশে প্রায় ৩ কোটি ৮০ লাখ কিডনি রোগী রয়েছেন, যা মোট জনসংখ্যার ২২ শতাংশ বলে জানানো হয়েছে। মà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের রপ্তানিমুখী হিমায়িত খাদ্য শিল্পের বিকাশ, রপ্তানি বহুমুখীকরণ এবং এ খাতের উদ্যোক্তাদের অর্থà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited