শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৫৫ পিএম, ২০২৬-১১-১৯
দেশের সরকারি হাসপাতালগুলোতে কম দামে স্যালাইন সরবরাহের অন্যতম প্রধান প্রতিষ্ঠান ছিল জনস্বাস্থ্য ইনস্টিটিউট (আইপিএইচ)। প্রায় ৫০ বছর ধরে প্রতিষ্ঠানটি ১২ ধরনের স্যালাইন উৎপাদন করে আসছিল। এসব স্যালাইনের দাম ছিল বেসরকারি প্রতিষ্ঠানের তুলনায় অনেক কম। কিন্তু ২০২০ সালে উৎপাদনের মানসম্মত চর্চা (জিএমপি) অনুসরণ না করার অভিযোগে প্রতিষ্ঠানটির স্যালাইন উৎপাদনের লাইসেন্স বাতিল করা হয়। এরপর থেকে দীর্ঘ ছয় বছর ধরে বন্ধ রয়েছে এর উৎপাদন। এতে সরকারি হাসপাতালের স্যালাইন সরবরাহব্যবস্থায় মারাত্মক চাপ তৈরি হয়েছে। রোগীদের বাইরে থেকে বেশি দামে স্যালাইন কিনতে হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে আগের তুলনায় দুই থেকে তিন গুণ পর্যন্ত বেশি দামও দিতে হচ্ছে তাদের।
জনস্বাস্থ্য ইনস্টিটিউটে দীর্ঘদিন কাজ করেছেন এমন অন্তত পাঁচজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছে ঢাকা পোস্ট। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই প্রতিষ্ঠানটির স্যালাইন উৎপাদনব্যবস্থা ধীরে ধীরে দুর্বল হতে থাকে। এসব কর্মকর্তার অভিযোগ, পরিকল্পিতভাবে প্রতিষ্ঠানটির উৎপাদন সক্ষমতা নষ্ট করা হয়েছে। একপর্যায়ে জিএমপি অনুসরণ না করার বিষয়টি সামনে এনে চূড়ান্তভাবে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।
ওই কর্মকর্তাদের ভাষ্যমতে, ২০০৮ সালের আগে ইনস্টিটিউট অব এপিডেমোলজি রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) মাধ্যমে আন্তর্জাতিক দরপত্রের ভিত্তিতে বিদেশ থেকে স্যালাইন উৎপাদনের কাঁচামাল আমদানি করা হতো। এসব কাঁচামালের বেশির ভাগ আসত ইতালি, সুইজারল্যান্ড ও ফ্রান্স থেকে। এতে উৎপাদিত পণ্যের গুণগত মান নিশ্চিত করা সম্ভব হতো। কিন্তু ২০০৮ সালে তৎকালীন পরিচালক হারুন-অর রশিদ আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে কাঁচামাল সংগ্রহের সেই আন্তর্জাতিক প্রক্রিয়াটি বাতিল করেন। এরপর স্থানীয় প্রতিষ্ঠানের মাধ্যমে ভারত, চীন ও দেশের অভ্যন্তরীণ বাজার থেকে কাঁচামাল সংগ্রহ শুরু হয়। এতে ধীরে ধীরে উৎপাদিত পণ্যের গুণগত মান কমতে থাকে।
ঢাকা পোস্টের হাতে আসা কিছু নথি এবং স্যালাইন উৎপাদনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আইপিএইচের লাইসেন্স স্থগিতের অন্যতম প্রধান কারণ ছিল জিএমপি অনুসরণ না করা। এ বিষয়ে ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে একাধিকবার সতর্ক করা হলেও প্রতিষ্ঠানটির তৎকালীন পরিচালকেরা কোনো কার্যকর ব্যবস্থা নেননি। অথচ প্রতি বছর জিএমপি বাস্তবায়নের জন্য বরাদ্দ রাখা হতো এবং অর্থ ব্যয়ের হিসাবও দেখানো হতো। এ খাতে বরাদ্দ করা অর্থের কোনো ছিটেফোঁটাও এখানে ব্যবহার করা হয়নি বলে জানান এসব কর্মকর্তা। তাদের দাবি, বছরের পর বছর ধরে জিএমপির নাম করে অর্থ বরাদ্দ রাখা হলেও সেটি তারা বছরশেষে পরিপূর্ণ ব্যয় হিসেবে দেখিয়েছে, কিন্তু এর কোনো বাস্তবায়ন করা হয়নি। পরবর্তীতে যখন ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে কারখানা পরিদর্শনের জন্য বিশেষ টিম আসে এবং পূর্বের জীর্ণ পরিস্থিতি দেখতে পায়, তখন এ খাতে বিপুল অর্থ খরচের বিষয়টি সামনে আসায় এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়। মূলত সেই পরিস্থিতির কারণেই সরকার ক্ষোভে এটি বন্ধের সিদ্ধান্ত নেয়।
জিএমপি বাস্তবায়নের জন্য বরাদ্দ করা অর্থ ব্যয় না করে হিসাব দেখানোর অভিযোগের বিষয়ে জানতে চাইলে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের বর্তমান পরিচালক ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী বলেন, ‘এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। এ বিষয়ে আর বেশি মন্তব্য করতে চাচ্ছি না।’
নাম প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘মূলত বেসরকারি ওষুধ কোম্পানিকে বিশেষ সুবিধা দেওয়ার জন্যই রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটিকে ধাপে ধাপে ধ্বংস করা হয়েছে। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেই দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি বন্ধ করার জন্য কলকাঠি নাড়া হয়েছে। শেষের দিকে কারখানাটিতে এমনভাবে অবহেলা করা হয়েছে, যা কোনোভাবেই জিএমপি অনুসরণের নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’
ওই কর্মকর্তা জানান, উৎপাদিত স্যালাইন সরকারি হাসপাতালে পাঠানোর জন্য অতীতে মানসম্মত কার্টন ব্যবহার করা হতো। পরে কার্টনের পরিবর্তে প্লাস্টিকের বস্তায় ২০টি করে স্যালাইন ভরে পাঠানো শুরু হয়। একপর্যায়ে সেটিও বন্ধ করে দেওয়া হয়। এরপর কোনো ধরনের স্বাস্থ্যবিধি বা পরিবহনের নিয়মনীতি অনুসরণ না করে সম্পূর্ণ খোলা অবস্থায় ট্রাকে করে স্যালাইন পাঠানো হতো। অথচ জিএমপি বাস্তবায়নের কথা বলে প্রতি বছর বাজেটে বরাদ্দ করা অর্থ ব্যয় হয়েছে বলেই কাগজে-কলমে দেখানো হতো। এমনকি কখনো কখনো এ খাতে আরও অতিরিক্ত অর্থের প্রয়োজন বলেও চাহিদা পাঠানো হতো। কিন্তু প্রকৃত উৎপাদনব্যবস্থায় তার কোনো ইতিবাচক প্রতিফলন ছিল না।
১৯৫৩ সালে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের মূল কাঠামো প্রতিষ্ঠিত হলেও এর আইভি ফ্লুইড বা স্যালাইন ইউনিট চালু হয় ১৯৭২-৭৩ সালের দিকে। এ ইউনিটে কলেরা স্যালাইন, গ্লুকোজ অ্যাকুয়া, গ্লুকোজ নরমাল, বেবি স্যালাইন, পেরিটোনিয়াল ডায়ালাইসিস ফ্লুইড, হিমোডায়ালাইসিস ফ্লুইড, হার্টম্যানস সলিউশন, ৩% সোডিয়াম ক্লোরাইড ও ইনফিউশন সেট উৎপাদিত হতো। এসব জীবনরক্ষাকারী পণ্য নিয়মিত দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে সরবরাহ করা হতো।
প্রতিষ্ঠানটির উৎপাদন সক্ষমতার চিত্র পাওয়া যায় বিগত কয়েক বছরের সরকারি পরিসংখ্যানে। ২০১৭ সালে প্রতিষ্ঠানটি ১১ লাখ ৬০ হাজার ব্যাগ, ২০১৮ সালে ১০ লাখ ৬০ হাজার ব্যাগ এবং ২০১৯ সালেও প্রায় একই পরিমাণ স্যালাইন উৎপাদন করেছিল। পাশাপাশি প্রতিষ্ঠানটিতে উন্নত মানের ব্লাড ব্যাগ ও ডায়াগনস্টিক রি-এজেন্টও তৈরি হতো।
প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তার অভিযোগ, ২০১২ সালে আইপিএইচের নিজস্ব ভ্যাকসিন ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়েছিল একটি নির্দিষ্ট বেসরকারি ওষুধ কোম্পানিকে বিদেশ থেকে ভ্যাকসিন আমদানির সুযোগ করে দেওয়ার জন্য। ঠিক একইভাবে ২০২০ সালে স্যালাইন ইউনিটটিও বন্ধ করা হয় দুটি প্রভাবশালী (বেক্সিমকো ও লিব্রা ইনফিউশন) ওষুধ কোম্পানিকে সুবিধা দেওয়ার জন্য। স্যালাইন ইউনিট বন্ধের পেছনে স্বাস্থ্য অধিদপ্তরের তৎকালীন মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদের ভূমিকা ছিল বলেও অভিযোগ করেন তারা।
জনস্বাস্থ্য ইনস্টিটিউটের জ্যেষ্ঠ কর্মকর্তা আবুল কালাম (ছদ্মনাম) অভিযোগ করে বলেন, বেক্সিমকো ও লিব্রার হাতে ফ্লুইড স্যালাইনের বাজার তুলে দিতেই সরকারের উচ্চপদস্থ মহল ও প্রতিষ্ঠানের তৎকালীন পরিচালকেরা পরিকল্পিতভাবে কারখানার যন্ত্রপাতি আধুনিকায়ন ও জিএমপি মান নিশ্চিত করেননি। কোনো পরিচালক সংস্কারের চেষ্টা করলে তাকে ওই স্বার্থান্বেষী গোষ্ঠী চাপের মুখে রেখে কাজ করতে দিত না। ফলে প্রতিষ্ঠানের সাশ্রয়ী সেবা থেকে বঞ্চিত হয়েছে সাধারণ মানুষ।
স্যালাইন উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই দেশের সরকারি হাসপাতালগুলোতে এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে। ২০২০ সালের ৮ সেপ্টেম্বর পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো একটি গোপনীয় চিঠিতে এ বিষয়ে সতর্ক করা হয়। ওই চিঠিতে স্পষ্ট উল্লেখ করা হয়, জনস্বাস্থ্য ইনস্টিটিউটের স্যালাইন, ব্লাড ব্যাগ ও জৈব ওষুধ উৎপাদন বন্ধ থাকার কারণে সাধারণ রোগীদের স্বাভাবিক স্বাস্থ্যসেবা চরমভাবে বিঘ্নিত হচ্ছে।
এরপর ২০২৩ সালের ২৫ জুন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের তৎকালীন পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দীন স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের কাছে আইভি ফ্লুইড উৎপাদন ইউনিটটি পুনরায় চালুর আবেদন জানিয়ে চিঠি দেন। একই বিষয়ে ২৬ জুলাই তিনি পুনরায় আরেকটি চিঠি দেন।
চিঠিতে বলা হয়, ৮৩ কাঠা জমির ওপর নির্মিত আইভি ফ্লুইড ইউনিটটির বার্ষিক উৎপাদনক্ষমতা ছিল ২১ লাখ ব্যাগ। জিএমপি গাইডলাইন অনুসরণ না করার অছিলায় ওষুধ প্রশাসন অধিদপ্তর ২০২০ সালের ১৫ জুন ইউনিটটির লাইসেন্স বাতিল করে। অথচ সেখানে বিভিন্ন শ্রেণির ৯৫ জন কর্মী এবং কোটি কোটি টাকা মূল্যের যন্ত্রপাতি সম্পূর্ণ অব্যবহৃত ও অকেজো অবস্থায় পড়ে আছে।
চিঠিতে আরও বলা হয়, আইপিএইচে উৎপাদিত ২৫ টাকার স্যালাইন বেসরকারি কোম্পানিগুলো বাজারে ১০৫ টাকায় বিক্রি করছে। প্রতিষ্ঠানটি পুরোদমে চালু রেখে আইভি ফ্লুইড, ব্লাড ব্যাগ ও ডায়াগনস্টিক রি-এজেন্ট সরবরাহের মাধ্যমে সরকারের প্রতি বছর অন্তত ২৬ কোটি টাকা সাশ্রয় হতো।
এ বিষয়ে ২০২৩ সালের ১৩ আগস্ট স্বাস্থ্যসেবা বিভাগের তৎকালীন সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জনস্বাস্থ্য ইনস্টিটিউটকে কার্যকর করতে পূর্ণাঙ্গ প্রস্তাব জমা দিতে বলা হয়। তবে সভার কার্যবিবরণী পর্যালোচনা করে দেখা যায়, প্রতিষ্ঠানটি পুনরায় চালুর চেয়ে বিদেশ থেকে সাত লাখ ব্যাগ আইভি ফ্লুইড আমদানির বিষয়টিই বেশি গুরুত্ব পেয়েছিল।
অবহেলায় নষ্ট হচ্ছে শত কোটি টাকার যন্ত্রপাতি
জনস্বাস্থ্য ইনস্টিটিউটের স্যালাইন উৎপাদন কারখানায় সরেজমিনে গিয়ে দেখা যায় এক করুণ দৃশ্য। কোটি কোটি টাকা মূল্যের অত্যাধুনিক যন্ত্রপাতি অকেজো অবস্থায় পড়ে আছে। কোনো কোনো মেশিনে মরিচা ধরেছে, কোথাও জমেছে মাকড়সার জাল। এসব মূল্যবান যন্ত্রপাতি পাহারা দেওয়ার জন্য অলস বসে আছেন ১৪ জন কর্মকর্তা-কর্মচারী।
নাম প্রকাশ না করার শর্তে তাদের একজন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘একসময় আমরা এখানে ১১৪ জনের মতো কর্মী দিন-রাত কাজ করতাম। চাহিদা বেশি থাকলে কখনো কখনো দুই শিফটে কাজ চলত। কিন্তু গত ছয় বছর ধরে এটি সম্পূর্ণ নিস্তব্ধ ও ভূতুড়ে অবস্থায় পড়ে আছে। পরিকল্পিতভাবে প্রতিষ্ঠানটি বন্ধ করে দিয়ে বেসরকারি প্রতিষ্ঠানকে সুযোগ করে দিতেই তৎকালীন সরকার এই কাজ করেছে। এখনো যেসব যন্ত্রপাতি কারখানায় আছে, সেগুলো কিছুটা মেরামত করে আবার নতুন করে উৎপাদন শুরু করা পুরোপুরি সম্ভব।’
বর্তমানে কারখানায় থাকা যন্ত্রপাতিগুলোর আনুমানিক মূল্য জানতে চাইলে প্রতিষ্ঠানটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সেখানে পড়ে থাকা যন্ত্রপাতি ও অবকাঠামোর বর্তমান বাজারমূল্য ৮০ থেকে ১০০ কোটি টাকার মতো হতে পারে, যা অযত্নে নষ্ট হচ্ছে।
স্যালাইন উৎপাদন বন্ধ, বাড়তি দামে কিনছেন রোগীরা
২০২০ সালে আইপিএইচের স্যালাইন উৎপাদন বন্ধ হওয়ার সময় সেখানে ১২ ধরনের স্যালাইন উৎপাদিত হতো। তখন প্রতিষ্ঠানটির উৎপাদিত কলেরা স্যালাইনের ১ হাজার মিলিলিটারের দাম ছিল ৩২ টাকা এবং ৫০০ মিলিলিটারের দাম ২১ টাকা ৫০ পয়সা। গ্লুকোজ অ্যাকুয়ার ১ হাজার মিলিলিটার ৩২ টাকা এবং ৫০০ মিলিলিটার ২১ টাকা ৫০ পয়সায় বিক্রি হতো। বেবি স্যালাইনের ৫০০ মিলিলিটারের দাম ছিল ২১ টাকা ৫০ পয়সা। নরমাল স্যালাইনের ১ হাজার মিলিলিটারের দাম ছিল ৩২ টাকা ৫০ পয়সা এবং ৫০০ মিলিলিটারের দাম ২১ টাকা ৫০ পয়সা।
এ ছাড়া ১ হাজার মিলিলিটারের হার্টম্যানস সলিউশনের দাম ছিল ৭০ টাকা এবং ৫০০ মিলিলিটারের ৩৫ টাকা ৫০ পয়সা। ১ হাজার মিলিলিটারের পেরিটোনিয়াল ডায়ালাইসিস ফ্লুইডের দাম ছিল ৩৭ টাকা। ৫০০ মিলিলিটারের ৩ শতাংশ সোডিয়াম ক্লোরাইডের দাম ছিল ৪১ টাকা ৫০ পয়সা এবং ১০ লিটারের হিমোডায়ালাইসিস ফ্লুইডের দাম ছিল মাত্র ৮০ টাকা।
বর্তমানে এসব সরকারি দামের স্যালাইনের অধিকাংশই খোলা বাজারে সহজে খুঁজে পাওয়া যায় না। আর যেগুলো পাওয়া যাচ্ছে, সেগুলোর দামও আকাশচুম্বী। রাজধানীর আজিজ সুপার মার্কেট, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফার্মেসি এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার কয়েকটি ওষুধের দোকানে খোঁজ নিয়ে দেখা গেছে, আইপিএইচে উৎপাদিত স্যালাইনের তুলনায় বর্তমানে বাজারে একই ধরনের স্যালাইন দুই থেকে তিন গুণ বেশি দামে বিক্রি হচ্ছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় অতিরিক্ত দামে স্যালাইন বিক্রির অভিযোগও অহরহ মিলছে।
খুচরা বাজারে ১ হাজার মিলিলিটারের গ্লুকোজ অ্যাকুয়া ৯০ টাকা এবং ৫০০ মিলিলিটার ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। ৫০০ মিলিলিটারের বেবি স্যালাইনের দাম নেওয়া হচ্ছে ৭০ টাকা। ১ হাজার মিলিলিটারের নরমাল স্যালাইন ৮৫ টাকা এবং ৫০০ মিলিলিটার ৬৫ টাকা। ৫০০ মিলিলিটারের ৩ শতাংশ সোডিয়াম ক্লোরাইড ৮০ টাকা, ১ হাজার মিলিলিটারের হার্টম্যানস সলিউশন ৯০ টাকা এবং ১ হাজার মিলিলিটারের পেরিটোনিয়াল ডায়ালাইসিস ফ্লুইড ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। এমনকি কোনো কোনো দোকানে প্রতিটি স্যালাইনে আরও ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেশি নেওয়ার তথ্যও পাওয়া গেছে।
রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের হ্যাপি ফার্মেসির মালিক নাজমুল হোসেন বলেন, ‘প্রতিদিন অনেক ক্রেতা স্যালাইন না পেয়ে ফিরে যাচ্ছেন। পুরো মার্কেটেই স্যালাইনের সংকট দেখা দিয়েছে, যা আগে কখনো হয়নি। আমরা কোম্পানিকে ৫০টি স্যালাইনের অর্ডার দিলে হয়তো ১০টি পাই। প্রায় সব কোম্পানির পণ্যের ক্ষেত্রেই একই অবস্থা।’
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে কিডনিসহ একাধিক জটিলতা নিয়ে ভর্তি রয়েছেন সুমন। তার বাবা সঞ্জয় বালী আক্ষেপ করে জানান, তার ছেলেকে প্রতিদিন হার্টম্যানস সলিউশন ও পেরিটোনিয়াল ডায়ালাইসিস ফ্লুইড দিতে হচ্ছে। এসব স্যালাইন হাসপাতাল থেকে পাওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ জানিয়েছে যে তাদের মজুত নেই। ফলে বাইরে থেকে কিনে আনতে হচ্ছে।
হাসপাতালের সামনের একটি ফার্মেসিতে কথা হয় সঞ্জয় বালীর সঙ্গে। তিনি বলেন, ‘হাসপাতাল থেকে প্রতিদিন ওয়ার্ডের ডাক্তার স্লিপ ধরিয়ে দেন। সেই অনুযায়ী বাইরে থেকে স্যালাইন কিনে আনতে হয়। প্রথম দিকে অনেক দোকান ঘুরে একটি দোকানে পেয়েছি। আমার কাছ থেকে ৫০০ মিলিলিটারের হার্টম্যানস সলিউশনের দাম নিয়েছে ১৩০ টাকা।’
স্যালাইন সংকটের বিষয়টি স্বীকার করেছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. নন্দদুলাল সাহা। তিনি বলেন, ‘বর্তমানে ডেঙ্গু ও হামের কারণে স্যালাইনের কিছুটা সংকট রয়েছে। এ কারণে অনেক রোগীকে বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। আমরা চেষ্টা করছি, যাতে রোগীদের হাসপাতাল থেকেই স্যালাইন সরবরাহ নিশ্চিত করা যায়।’
উৎপাদন ব্যয় ও নির্ধারিত দামের ব্যবধান
স্যালাইন সংকটের পেছনে কেবল আইপিএইচ বন্ধ হওয়াই নয়, বরং সরকার-নির্ধারিত দাম ও উৎপাদন ব্যয়ের মধ্যে তৈরি হওয়া বিশাল ব্যবধানকেও একটি বড় কারণ হিসেবে দেখছেন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। তাদের মতে, ২০১৫ সালের পর থেকে তরল স্যালাইনের সর্বোচ্চ খুচরা মূল্য বাড়ানো হয়নি। অথচ কাঁচামাল আমদানি, প্যাকেজিং ও অন্যান্য উপকরণের দাম বহুগুণ বেড়েছে। সরকার-নির্ধারিত ৮৭ টাকার বিপরীতে বর্তমানে প্রতি ব্যাগ স্যালাইন উৎপাদনে বেসরকারি কোম্পানিগুলোর খরচ হচ্ছে প্রায় ১২০ টাকা।
প্রায় তিন মাস ধরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে মূল্য সংশোধনের প্রস্তাব আটকে আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ডেঙ্গু ও হামের প্রাদুর্ভাবে স্যালাইনের চাহিদা বাড়লেও দামের জটিলতায় কোম্পানিগুলো নতুন করে উৎপাদনে বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছে না। লোকসানের কারণে কয়েকটি প্রতিষ্ঠিত কোম্পানি স্যালাইন উৎপাদন বন্ধ বা কমিয়ে দিয়েছে।
একসময় দেশের অন্যতম বড় স্যালাইন প্রস্তুতকারক প্রতিষ্ঠান লিব্রা ইনফিউশনস তাদের কারখানা বন্ধ করে দিয়েছে। স্কয়ার ফার্মাসিউটিক্যালস স্যালাইন উৎপাদন স্থগিত রেখেছে। বেক্সিমকো ফার্মাও কিছু স্যালাইনের উৎপাদন বন্ধ করেছে। অপসোনিন, ওএসএল ফার্মা, এসেনশিয়াল ড্রাগস ও পপুলার ফার্মা উৎপাদন কমিয়ে এনেছে। মুনাফা না হওয়ার কারণে ইনসেপ্টা, হেলথকেয়ার, একমি ও এসিআইয়ের মতো বড় প্রতিষ্ঠানগুলোও এ বাজারের উৎপাদনে আসছে না।
বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির (বাপি) মহাসচিব মুহাম্মদ হালিমুজ্জামান বলেন, ‘শিল্পপ্রতিষ্ঠান যদি উৎপাদন খরচই তুলতে না পারে, তাহলে তারা কেন লোকসান দিয়ে উৎপাদন করবে? উৎপাদন খরচ না ওঠায় লিব্রার মতো অনেক প্রতিষ্ঠিত কারখানা বন্ধ হয়ে গেছে। সরকার বিদেশ থেকে ১৬৪ টাকায় স্যালাইন আমদানি করতে পারে, অথচ দেশীয় প্রতিষ্ঠানগুলোকে উৎপাদন খরচটুকুও দিতে রাজি নয়। এ অবস্থায় উৎপাদন বন্ধ রাখা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।’
আবার চালুর উদ্যোগ
এদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর জনস্বাস্থ্য ইনস্টিটিউটের স্যালাইন উৎপাদন ইউনিট আবার চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানটির বর্তমান পরিচালক ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী বলেন, দীর্ঘদিনের অবহেলা এবং মুষ্টিমেয় কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানকে সুবিধা দিতে আগের সরকার এমন একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন দেশের দরিদ্র জনগোষ্ঠী। সামান্য সংস্কার করেই প্রতিষ্ঠানটি চালু রাখা সম্ভব ছিল। কিন্তু তা করা হয়নি।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা এখন প্রতিষ্ঠানটি নতুন করে চালুর উদ্যোগ নিচ্ছি। এতে সর্বোচ্চ ২৫ কোটি টাকার মতো খরচ হতে পারে। বর্তমানে যে অবকাঠামো রয়েছে, তা দিয়ে অন্তত ১০ বছর স্যালাইন উৎপাদন করা সম্ভব। সরকারও পুনরায় উৎপাদন শুরুর ব্যাপারে সদিচ্ছা প্রকাশ করেছে। তবে যন্ত্রাংশ মেরামত এবং জিএমপি অনুসরণ করে কত দিনের মধ্যে উৎপাদন শুরু করা যাবে, তা এখনই বলা সম্ভব হচ্ছে না।
আইপিএইচের স্যালাইন উৎপাদন বন্ধের কারণ সম্পর্কে ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক ডা. আক্তার হোসেন বলেন, ‘আমরাও চাই, দেশে এ ধরনের একটি সরকারি প্রতিষ্ঠান চালু থাকুক। প্রতিষ্ঠানটি বন্ধের পেছনের কারণ অনুসন্ধান করতে গিয়ে যতটুকু কাগজপত্র দেখেছি, তাতে দেখা যায়; দীর্ঘদিন ধরে তাদের চিঠি দিয়ে সতর্ক করা হয়েছিল, যেন সমসাময়িক উৎপাদন নির্দেশিকা অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করে। কিন্তু তারা তা বাস্তবায়ন করেনি। এ কারণে ওষুধ প্রশাসন অধিদপ্তর বাধ্য হয়ে লাইসেন্স স্থগিত করেছে।’
তিনি আরও বলেন, আইপিএইচ আবার চালুর উদ্যোগ নিচ্ছে বলে তারা শুনেছেন। নতুন করে উৎপাদন শুরুর বিষয়ে এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) একজন বিশেষজ্ঞকে দায়িত্ব দেওয়া হয়েছে। উৎপাদন শুরুর সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয় ও আইপিএইচ। লাইসেন্স স্থগিত থাকায় উৎপাদনের সব মানদণ্ড পূরণ করে আবেদন করতে হবে। এরপর তা যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে। শুরুতে সব ধরনের স্যালাইন উৎপাদন সম্ভব না হলেও কয়েক ধরনের স্যালাইন দিয়ে কার্যক্রম শুরু করা যেতে পারে।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, ‘যেকোনো মূল্যে আমাদের এ প্রতিষ্ঠান চালু করে স্যালাইন উৎপাদনে যেতে হবে। এ ধরনের প্রতিষ্ঠান জনগণের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা আগের সরকার বুঝতে পারেনি। বরং প্রতিষ্ঠানটি বন্ধ করার জন্য যা যা করা দরকার, তারা তা-ই করেছে। আমরা দ্রুত প্রতিষ্ঠানটি চালু করে জনগণকে বিনা মূল্যে স্যালাইন দিতে চাই। বর্তমানে সরকার বেসরকারি প্রতিষ্ঠান থেকে বেশি দামে স্যালাইন কিনে সরকারি হাসপাতালে সরবরাহ করছে। আমরা আইপিএইচের উৎপাদনের মাধ্যমে সেই চাহিদা পূরণ করতে চাই।’
আমাদের বাংলা ডেস্ক : : রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন, দুর্নীতি ও অর্থ আত্মসাতের বিরুদ্ধে কেবল প্রতিবাদ নয়, প্রয়োজন কার্যকর প্রà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কয়েক দিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের যেসব ঘটনা ঘটছে এগুল...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশের মোট এলপিজি বাজারের মাত্র ১ শতাংশ নিয়ন্ত্রণকারী সরকারি কোম্পানিগুলোর সিলিন্ডার গ্যাসের অসà§...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ভূমধ্যসাগরের উত্তাল সাগরে মৃত্যুর মুখ থেকে উদ্ধার হওয়ার পর মিশরের দামিয়েত্ত কারাগারে আটক ৬৫ বাংল...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited